
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 7 February 2025 17:53
দ্য ওয়াল ব্যুরো: শিরোনাম পড়ে ভ্রু কুঁচকে গেছে? লেখার ভুল কিনা ভাবছেন, নাহ্ ঠিকই পড়েছেন! ভারতীয় মুদ্রায় মাত্র ৯০ টাকা ৯৬ পয়সায় বিক্রি হচ্ছে আস্ত বাড়ি।
জলের দর বললেও বেশি বলা হবে! ইউরোপের অন্যতম সুন্দর দেশ ইতালিতে এমনই নাম মাত্র মূল্যে বিক্রি হচ্ছে আস্ত বাড়ি!
হেলে তলা বহুতল আতঙ্ক যেন তটস্থ কলকাতা তখন ১০০ টাকারও কম মূল্যে আস্ত বাড়ির খবরে হইচই পড়ে যাওয়াটাই স্বাভাবিক। নামমাত্র মূল্যে আস্ত বাড়ি বিক্রির কারণ কী?
সংবাদসংস্থা সূত্রের খবর, গত এক দশকে ইতালির গ্রামে মানুষের জনসংখ্যা কমেছে। কাজের খোঁজে যুবকদের অনেকেই শহরে পাড়ি জমিয়েছেন। গ্রামের বাড়িতে থাকা বৃদ্ধ, বৃদ্ধাদের অনেকের মৃত্যু হয়েছে। ফলে ইতালির বহু গ্রাম কার্যত প্রায় জনশূন্য।
গ্রামের বহু বাড়ি পুরসভার দখলে। ফলে গ্রামগুলিকে বাঁচিয়ে রাখতে স্থানীয় পুরসভার তরফে নাম মাত্র মূল্যে ১ ইউরোর বিনিময়ে আস্ত বাড়ি বিক্রির ঘোষণা করা হয়েছে। ভারতীয় মুদ্রায় যার অর্থ মাত্র ৯০ টাকা ৯৬ পয়সা। ‘ওয়ান ইউরো হাউজেস’ নামে একটি ওয়েবসাইট থেকে এই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তাতে সাড়াও মিলছে। অনেকে বাড়ি কিনছেনও।
তবে নাম মাত্র বাড়ি কিনলেই হবে না, রয়েছে কিছু শর্তও। বিক্রির জন্য চিহ্নিত বাড়িগুলির অধিকাংশ পুরনো। তাই কেনার ১ বছরের মধ্যে সংস্কার করতে হবে সংশ্লিষ্ট মালিককে। এজন্য কেনার সময় পুরসভাকে লিখিত মুচলেখা দিতে হবে। এছাড়াও সম্পত্তি ট্রান্সফারের জন্য পুরসভাকে আলাদা করে অর্থ ও কর দিতে হবে। বাড়ি সংস্কারের জন্য পুরসভার কাছে বাড়ির মালিককে অগ্রিম ১ থেকে ৫ হাজার জমাও রাখতে হবে।
চাইলে ভিনদেশিরাও ইতালিতে গিয়ে নাম মাত্র মূল্যে এই বাড়ি কিনতে পারবেন। তবে শর্ত হিসেবে আপনি যে দেশে থাকেন, সেই দেশে ইতালির কোনও বাসিন্দা সম্পত্তি কিনলে তার বিনিময়ে আপনিও ইতালিতে বাড়ি কিনতে পারবেন।