
শেষ আপডেট: 7 October 2023 19:39
দ্য ওয়াল ব্যুরো: অফিস থেকে তখন বাড়ি যাওয়ার কথা। বাইক পার্ক করা ছিল বাইরে। পাশেই রাখা ছিল হেলমেট। সেই হেলমেট মাথায় পরতে যেতেই বিপত্তি। ভিতরে কী যেন নড়াচড়া করছে না? অল্প চকচকও করছে। ভাল করে দেখতে গিয়েই চোখ কপালে। হেলমেটের ভিতর যেটি চকচক করছে, তা কোনও জড় পদার্থ নয়, বরং আস্ত সাপ! বরাতজোরে প্রাণঘাতী ছোবল থেকে রক্ষা পেয়েছেন তিনি। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনাটি কেরলের ত্রিশূরের। সোজন নামে এক যুবক সেদিন অফিসে ঢুকে বাইকটি পার্ক করে রেখেছিলেন। হেলমেটটি রাখা ছিল তার পাশেই। পরে কাজের শেষে যখন বাড়ি ফিরবেন বলে ঠিক করেছেন, তখন পার্কিং এলাকায় এসে হেলমেট পরতে গিয়েই সাপটিকে আবিষ্কার করেন ওই যুবক। সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেন তিনি।
সেখান থেকে বিশেষজ্ঞরা ছুটে আসেন ঘটনাস্থলে। তাঁরাই পরীক্ষা করে জানান, সাপটি একটি কেউটে সাপের বাচ্চা। মাত্র ২ মাস বয়স সেটির। তবে বাচ্চা হলেও সেটি অত্যন্ত বিষধর। বরং লিজো নামে এক সাপ বিশেষজ্ঞ জানিয়েছেন, পূর্ণবয়স্ক সাপের কামড়ের তুলনায় বাচ্চা সাপের কামড় বেশি ভয়ঙ্কর।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সাপ ধরার একটি আঁকশি দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে হেলমেটটির ভিতরে ভাল করে দেখতে থাকেন বিশেষজ্ঞরা। অল্পক্ষণের মধ্যেই দেখা যায়, হেলমেটের কাপড়ের লাইনিংয়ের ভিতর থেকে উঁকি দিচ্ছে একটি সাপ। কিন্তু সেটিকে ধরার আগেই ফের হেলমেটের ভিতরে লুকিয়ে পড়ে বিষধর সাপটি। ভাল করে তল্লাশি চালাতেই ফণা তুলে লাফিয়ে বেরিয়ে আসে সেটি। এরপর বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর ওই লাঠির সাহায্যেই হেলমেটের ভিতর ঠিক বের করে আনা হয় সাপটিকে।
অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে স্বভাবতই খুশি সোজন। সেই সঙ্গে তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন সাপ বিশারদরা। তাঁরা জানিয়েছেন, আমাদের আশেপাশে ঘুরে বেড়ানো বেশিরভাগ সাপই নির্বিষ। তবে চিনতে না পারায় ভয় পেয়ে অনেক সময়ই সাপকে মেরে ফেলেন মানুষ। সোজন যে তা না করে, বন দফতরের হাতে তুলে দিয়েছেন সেটিকে, তার জন্য সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
দেখুন সেই ভিডিও:
This is the baby Indian cobra also known as the spectacled cobra. This was found inside a helmet. This is very much possible in rural coastal areas especially during rains. The video is from #kerala & is in Malayalam. pic.twitter.com/5awGZroybX
— Naresh Nambisan | നരേഷ് ????♂️ (@nareshbahrain) July 23, 2023