
শেষ আপডেট: 2 May 2023 11:15
দ্য ওয়াল ব্যুরো: ফিউশন খাবার (Fusion food) দিনে দিনে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। নেটমাধ্যমে প্রায়শই এই ধরনের খাবারের অজস্র ভিডিও চোখে পড়ে। কখনও আলু সবজি দিয়ে জিলিপি, কখনও বা চকলেট ফুচকা, কখনও আবার কাঁচালঙ্কা রসগোল্লা। অনেকেই এই ধরনের অদ্ভুত সংমিশ্রণের খাবার চেখে দেখতে আগ্রহ প্রকাশ করেন। সেই তালিকায় নবতম সংযোজন হল সোনার কুলফি (Gold Kulfi)! মাত্র ৩৫১ টাকা দামে বিক্রি হওয়া এই গোল্ড কুলফিই এখন ইটারনেটের নয়া উন্মাদনা।
মধ্যপ্রদেশের ইন্দোরের সারাফা এলাকায় এক আইসক্রিম বিক্ৰেতা নাকি এমনই অভিনব কুলফি বিক্রি করছেন। 'প্রকাশ কুলফি' নামের সেই দোকানে সাধারণ কুলফিকে ২৪ ক্যারাটের সোনার তবকে মুড়ে দেওয়া হচ্ছে। তখনই এক ঝটকায় তার দাম বেড়ে দাঁড়াচ্ছে ৩৫১ টাকা। ইনস্টাগ্রামে একটি হ্যান্ডেল থেকে গোল্ড কুলফি বানানোর ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে কুলফির পাশাপাশি নজর কাড়ছেন বিক্রেতাও। সাদা শার্ট ও পাজামা পরা ওই ব্যক্তির সারা গায়ে অজস্র সোনার গয়না। গলায় একাধিক মোটা হার, দুই হাতের ৮ আঙুলে বিশালাকার আংটি, দুই কবজিতে ভারী ব্রেসলেট।
শেয়ার হওয়ার পর থেকেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও। ইতিমধ্যেই ৮ লক্ষেরও বেশির মানুষ দেখে ফেলেছেন সেটি। প্রায় ৫০ হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। নেটিজেনদের অনেকেই কুলফির দামের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার সোনার তবকটি আদৌ ২৪ ক্যারাট সোনার কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।
একজন লিখেছেন, 'প্রতি ৩৫১ টাকা জমছে, ওঁর একটা করে সোনার গয়না হচ্ছে।'
'২৫ টাকার সোনালি মোড়ক দিয়ে কাজ চালাচ্ছেন,' মন্তব্য অন্য একজনের।
'খেয়েছি, একেবারেই পোষায়নি,' সাফ জানিয়ে দিয়েছেন তৃতীয় একজন।
বিয়ের ছবি জুতো দিয়ে পিষলেন তরুণী, ভাইরাল অভিনেত্রীর 'ডিভোর্স ফটোশ্যুট'