
ফাইল চিত্র
শেষ আপডেট: 16 November 2024 13:42
দ্য ওয়াল ব্যুরো: অভাবী ও দুস্থ শিশুদের জন্য মাতৃদুগ্ধ দান করে বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অ্যালিসা ওগলেট্রি নামের এক মা। অ্যালিসা ওগলেট্রি হলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করা এক সহৃদয় মা। স্তনদুগ্ধ দান করে অকাল শিশুদের জীবন বাঁচানোই তাঁর নেশা। তিনি এখনও পর্যন্ত ২ হাজার ৬৪৫ লিটার দুধ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।
শিশুদের জন্য মাতৃদুগ্ধ দান করে পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন এই মহিলা। গার্ডিয়ানের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৬ বছর বয়স ওগলেট্রি এর আগে ২০১৪ সালেও ১ হাজার ৫৬৯ লিটার দুধ দান করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন। সে রেকর্ডিং এবার ভেঙে ফেললেন ওগলেট্রি।
প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১০ সালে আমেরিকান এই মহিলা বুঝতে পেরেছিলেন যে, তার শরীরে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি দুধ উৎপাদন হচ্ছে। তাই নিজের সন্তানের চাহিদা মেটানোর পর, অতিরিক্ত দুধ যাতে অপচয় না হয় তাই হাসপাতালে সঙ্গে যোগাযোগ করেন। হাসপাতালে যাওয়ার পরে তিনি জানতে পারেন, দুধ অন্যান্য শিশুদের জন্য দান করা যায়। ফলে তিনি সেই পথে বেছে নেন।
এ বিষয়ে অ্যালিস ওগলেট্রি বলেন, 'আমি কোনওদিনই চাইনি যে, দুধ অপচয় হোক। মানুষকে সাহায্য করার জন্য একটি বড় মনের দরকার, আর আমি মনে করি আমার তা রয়েছে। সব সময় যে অন্যকে শুধু অর্থ দিয়ে সাহায্য করতে হবে এমনটা নয়। আমার মনে হয় এমন অনেক শিশু রয়েছে, যারা সামান্য দুধের অভাবে অপুষ্টিতে ভোগে। ফলে তাদের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি।'
অ্যালিস ওগলেট্রির এই অনুদান উত্তর টেক্সাসের মায়েদের মিল্ক ব্যাংকে সংগৃহীত করা হয়। মাদার্স মিল্ক ব্যাংক অব নর্থ টেক্সাসের পরিচালক শাইনা স্টার্কস গিসেন ওয়ার্ল্ড রেকর্ডসকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘অ্যালিস ওগলেট্রি অভাবী শিশুদের জন্য প্রচুর পরিমাণে স্তনদুগ্ধ দান করেছেন। আর তার ফলে আমরা বিস্মিত ও অনুপ্রাণিত।’