
শেষ আপডেট: 12 December 2024 21:20
দ্য ওয়াল ব্যুরো: ভারতবর্ষে শিশুদের অধিকার অর্জনের লক্ষ্যে এবং এদেশে ইউনিসেফের কাজের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ডাক টিকিট প্রকাশিত হল। ভারতীয় ডাক বিভাগ এবং ইউনিসেফ যৌথভাবে বুধবার এই স্মারক ডাকটিকিট প্রকাশ করে। যার মূল্য মাত্র ১০ টাকা।
টিকিটটিতে মায়ের কোলে এক শিশুকে দেখানো হয়েছে। সমাজে পিছিয়ে পড়া শিশুদের জন্য, তাঁদের বেঁচে থাকার, বিকাশ লাভ করার এবং পূর্ণতা প্রাপ্তির লক্ষ্যে পৌঁছানোর অধিকারকে প্রাধান্য দেয় ইউনিসেফ। সেই নিয়েই বার্তা দিতে এই টিকিট।
ভারত সরকারের নেতৃত্বে এবং রাষ্ট্রপুঞ্জের এই সংস্থার সহায়তায় এদেশে শিশুদের অনেক উন্নতি হয়েছে। ১৯৪৯ সাল থেকে ইউনিসেফ এদেশে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিশুর জীবনের সমস্ত সুযোগের সদব্যবহার নিশ্চিত করে চলেছে।
ডাকটিকিট প্রকাশের পর ডাক বিভাগের দিল্লি সার্কেলের চিফ পোস্ট মাস্টার জেনারেল কর্নেল অখিলেশ পাণ্ডে ইউনিসেফের বিগত দিনগুলির কাজকর্ম এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা শিশুদের সহায়তা ও তাদের সুরক্ষায় এই সংস্থার কাজের প্রশংসা করেন।
রাষ্ট্রপুঞ্জের রেসিডেন্ট কোঅর্ডিনেটর শম্বি শার্প এনিয়ে বলেন, সহযোগিতা, মূল্যবোধ ও শিশুদের অধিকার সঙ্গে ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের উদযাপন হিসেবে এই ডাকটিকিট। রাষ্ট্রপুঞ্জের সংস্থাগুলি ভারত সরকারের সঙ্গে একত্রে কাজের মধ্যে দিয়ে প্রতিটি শিশুর স্বপ্নপূরণে কাজ করবে।
ভারতে ইউনিসেফের প্রতিনিধি সিনথিয়া ম্যাকক্যাফ্রে বলেন, এটি ভারতীয় শিশুদের জন্য একটি প্রতীকী মাইলফলক। বিগত কয়েক দশকের সহযোগিতায় আমরা দেখেছি যে, এদেশে শিশুদের জন্য যেসব কাজ হয়েছে তা তাদের জীবন পাল্টে দিয়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার কমেছে। সার্বিক টিকাদান, স্কুলে ভর্তির হার বেড়েছে। নিরাপদ স্যানিটেশন বা বিশুদ্ধ জল ব্যবহার, সব ক্ষেত্রেই ভারতের শিশুদের বিকাশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং একাজ এখনও চলছে।
তিনি বলেন, এছাড়াও ইউনিসেফ বেসরকারি ক্ষেত্র, সুশীল সমাজ, যুবক এবং শিশুদের সঙ্গে কাজ করে যাতে সমাজের সব ব্যবস্থা এবং পরিষেবাগুলি প্রতিটি শিশুকে তাদের অধিকার অর্জনে সহায়তা করে।
প্রসঙ্গত, ভারতীয় ডাকবিভাগ ইউনিসেফের ২৫তম ও ৪০তম বর্ষ উদযাপনের সময় এবং শিশু অধিকার কনভেনশনের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ৪টি স্মারক ডাকটিকিট প্রকাশ করে।