
শেষ আপডেট: 25 April 2023 13:14
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের (Wedding) আর মাত্র কয়েকদিন বাকি। প্রস্তুতি সব সারা, সেই অবস্থাতেই দুর্ঘটনার কবলে পড়লেন হবু কনে। সারা শরীরে একাধিক চোট-আঘাত, ভেঙেছে পা-ও! সকলের তো মাথায় হাত! তবে এই পরিস্থিতিতেও ধৈর্য্য হারাননি একজন। তিনি হলেন হবু বর। হাসপাতালের আইসিইউতে রাতের পর রাত জেগেছেন তিনি, রক্তও দিয়েছেন হবু স্ত্রীকে। তিনি একটু সুস্থ হতেই চারহাত এক হল। পুরো সময়টায় তিনি কীভাবে পাশে ছিলেন, সেই ঘটনা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সদ্যবিবাহিতা তরুণী। মুহূর্তে ভাইরাল হয়ে গেছে সেই পোস্ট।
শতাক্ষী নামে ওই তরুণী পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। তাঁর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল প্রতীক নামে এক যুবকের। বিয়ের যখন প্রায় সমস্ত তোড়জোড় হয়ে গেছে সেই সময় দুর্ঘটনায় পড়ে গুরুতর জখম হন তরুণী (bride met with accident)। এমনই অবস্থা হয়, যে, আইসিইউতে রেখে চিকিৎসা চলছিল তাঁর। শতাক্ষী জানিয়েছেন, দুর্ঘটনায় পড়া থেকে সুস্থ হওয়া পর্যন্ত পুরো সময়টায় তাঁর পাশেই ছিলেন প্রতীক। অস্ত্রোপচারের সময় তাঁকে রক্ত দিয়েছেন, রাতের পর রাত হাসপাতালে তাঁর বিছানার পাশে বসে থেকেছেন।
শতাক্ষীর পা ভেঙেছিল, ফলে সেখানেও প্লাস্টার করতে হয়েছিল। দু-মাস পর তাঁর প্লাস্টার কাটা হয়। তখনই বাগদান সারেন দুজনে। তারও দেড় মাস পর গাঁটছড়া বাঁধেন প্রতীক-শতাক্ষী। বিয়ের সপ্তপদীর সময় অর্ধাঙ্গিনীকে কোলে তুলে আগুনের চারপাশে ঘোরেন প্রতীক।
এই সমস্ত ঘটনার একটি কোলাজ ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শতাক্ষী (viral videos)। সেই ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের। ২০ এপ্রিল শেয়ার করা ভিডিও ইতিমধ্যেই ৫৫হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। অজস্র মানুষ ভালবাসায় ভরিয়ে দিয়েছেন যুগলকে।
একজন লিখেছেন, 'আপনারা দুজনেই নতুন প্রজন্মের কাছে উদাহরণ এবং অনুপ্রেরণা।'
'আপনারা দুজনে আশীর্বাদধন্য,' লিখেছেন অন্য একজন।
পাটুলিতে মাদক খাইয়ে ধর্ষণ মাধ্যমিক পরীক্ষার্থীকে! ফ্ল্যাটে পার্টি করতে ডেকেছিল ‘বন্ধু’রা