
শেষ আপডেট: 6 December 2022 09:01
দ্য ওয়াল ব্যুরো: নিশ্চিন্ত সরকারি চাকরি। বছরে আয় এক কোটি টাকারও বেশি। তাও নাকি সন্তুষ্ট নন তিনি! তাই কর্মদাতার বিরুদ্ধে মামলা রুজু করে বসলেন কর্মচারী (sued his employer)! কেন, কী এমন হল? মামলাকারীর উত্তর শুনে চোখ কপালে উঠল নেটিজেনদের। ওই কর্মী জানিয়েছেন, কর্মস্থলে নাকি কিছুই করতে হয় না তাঁকে। খাওয়া, খবরের কাগজ পড়া এবং হেঁটে বেড়ানো ছাড়া কিছুই করার নেই তাঁর। তাই 'বোর' হয়ে সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকেছেন তিনি।
মামলাকারীর নাম ডারমট অ্যালাস্টেয়ার মিলস। তিনি আয়ারল্যান্ড রেলের (Irish railway) অর্থবিভাগের ম্যানেজার পদে কর্মরত। তাঁর বার্ষিক বেতন ভারতীয় মুদ্রায় এক কোটি টাকারও বেশি। তা সত্ত্বেও নাকি চাকরি নিয়ে সন্তুষ্ট নন তিনি। মিলস জানিয়েছেন, অফিসে নাকি কোনওই কাজ নেই তাঁর। পুরো সময়টাই কাটে কাগজ পড়ে, স্যান্ডউইচ খেয়ে কিংবা ঘুরে বেড়িয়ে। তাতেই বোর হয়ে রেলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মিলস।
সূত্রের খবর, ৯ বছর আগে রেলের আর্থিক কিছু গরমিলের বিষয়ে প্রশ্ন করেছিলেন তিনি। গোপন তথ্য তুলে আনার শাস্তি হিসেবে চাকরিতে তাঁর দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই অফিসে প্রায় কিছুই করার থাকে না তাঁর। কার্যত, বসে বসে মাইনে নেন তিনি।
যদিও আইরিশ রেলের তরফে মিলসকে শাস্তি দেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তাঁদের দাবি, মিলস নিজের অযোগ্যতার কারণে আরও উচ্চপদে প্রমোশন পাননি, সেই কারণেই তাঁর এমন অবস্থা।
মিলস দাবি করেছেন, ২০১০ সালে প্রোমোশন পাওয়ার পর অফিসে অন্যান্যরা উত্যক্ত করতেন তাঁকে। শেষে ২০১৩ সালে অসুস্থতার কারণ দেখিয়ে দীর্ঘ ছুটিতে চলে যান তিনি। সেই সময় অফিস তাঁর সঙ্গে একটি সমঝোতায় আসে। মিলসকে বলা হয়, তাঁকে তাঁর পদে ফিরিয়ে আনা হবে, যা হয়েছে তার জন্য ক্ষতিপূরণও দেওয়া হবে। এরপর তিনি ফের কাজে যোগ দেন। কিন্তু তাঁর দাবি, তারপর থেকেই তাঁকে আর কোনওরকম কাজ দেওয়া হয় না তাঁকে।
দুটি খবরের কাগজ এবং একটি স্যান্ডউইচ কিনে প্রত্যেক দিনই তিনি অফিসে ঢোকেন। কিন্তু না তাঁর কাছে কোনও কাজের ই-মেল আসে, না কোনও কাজ করতে বলা হয় তাঁকে। এতেই খেপে উঠেছেন মিলস। কাজ না করিয়ে টাকা দেওয়ার অভিযোগে অফিসকে সটান টেনে নিয়ে গেছেন আদালতে। মিলসের কীর্তি শুনে হতবাক নেটিজেনরা।
শীতের মুখে ফের নতুন ঘূর্ণিঝড়! বঙ্গোপসাগরে বাড়ছে শক্তি, ধেয়ে আসছে উপকূলে