
শেষ আপডেট: 13 July 2022 08:39
দ্য ওয়াল ব্যুরো: মায়ের পেটে একসঙ্গেই বড় হচ্ছিল দুই বোন। কিন্তু জন্মের পরেও আলাদা হতে পারেনি বীণা এবং বাণী। হবেই বা কী করে! দুই বোনের মাথার অংশ একসঙ্গে জোড়া যে (Conjoined Twins)! বাবা মা খরচ চালাতে পারবেন না জানানোর পরে দুই বোনের ঠাঁই হয় সরকারি হোমে। সেখান থেকেই তেলেঙ্গানা (Telengana) সরকারের বারো ক্লাসের পরীক্ষায় (Intermediate Exam) প্রথম বিভাগে পাশ করল ১৯ বছর বয়সি দুই বোন।
সদ্যই তেলেঙ্গানায় বারো ক্লাসের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সেই পরীক্ষায় ১০০০ এর মধ্যে বীণা পেয়েছে ৭১২, অন্যদিকে বাণীর প্রাপ্ত নম্বর ৭০৭। বিশেষভাবে সক্ষম হওয়ার জন্য পরীক্ষায় কয়েক রকমের সুবিধা পেতে পারত বীণা ও বাণী। অতিরক্ত সময়ও পাওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু কোনওরকম সুবিধা নেয়নি তারা। বরং, নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই খাতা জমা দেয়া তারা।
কুমির গিলল বাচ্চা ছেলেকে, পেট কেটে বের করতে আটকে রাখল গ্রামবাসীরা
মাথায় জোড়া যমজ সন্তান জন্মানোর পরেই তাদের বাবা জানান, সন্তানদের চিকিৎসা এবং যত্ন নেওয়ার সামর্থ্য তাঁদের নেই। ১৩ বছর বয়স পর্যন্ত নিলুফার হাসপাতালে বড় হয় তারা। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করার চেষ্টা করেন চিকিৎসকরা। তবে সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে বুঝেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। এরপর তাদের ঠাঁই হয় নারী এবং শিশু সুরক্ষা দফতর পরিচালিত একটি সরকারি হোমে। সরকারের দেওয়া শিক্ষকদের সাহায্যে সেখানেই পড়াশোনা করে তারা। তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার জন্য রাজ্যের শিক্ষা দফতরকে ধন্য়বাদ জানিয়েছে দুই বোন।