
প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 28 December 2024 12:48
দ্য ওয়াল ব্যুরো: ব্রেকফাস্টে ডিম খান বহু মানুষই। এক কথায় ডিমের বিভিন্ন পদ থাকেই ব্রেকফাস্টে। ডিমের সহজলভ্যতা এবং ফার্মে ব্যাপক উৎপাদনের কারণে অনেকেই মনে করেন, এটি ভেজালমুক্ত। তবে সম্প্রতি ফক্স বিজনেসের একটি তদন্তে জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় ফাস্টফুড চেইন তাদের ব্রেকফাস্টে 'আসল ডিম' ব্যবহার করছে না।
কোন ফাস্টফুড চেইনে নেই গোটা ডিম?
ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কৃষি দপ্তরের খাদ্য নিরাপত্তা ও পরিদর্শন সংস্থা (এফএসআইএস) জানিয়েছে, ফাস্টফুড রেস্তোরাঁগুলো সাধারণত পাস্তুরিত ডিম (Pasteurised Egg Products) ব্যবহার করছে। এবার মনে প্রশ্ন আসতেই পারে, কী এই পাস্তুরিত ডিম? এটি আসলে এমন এক ধরনের ডিমের মিশ্রণ, যেখানে ডিম ছাড়াও জল, কর্ন স্টার্চ, তেল মেশানো থাকে। তার কারণ হল, এই মিশ্রন সহজেই সংরক্ষণ করা যায়। তাই ফাস্টফুড রেস্তোরাঁ, হাসপাতাল, নার্সিং হোমে এটি বেশি ব্যবহৃত হয়।
ম্যাকডোনাল্ডস, ট্যাকো বেল, পানেরা, ওয়েন্ডি’স এবং হোয়াটঅ্যাবারগার তাদের রেস্তোরাঁয় ১০০% আসল গোটা ডিম ব্যবহার করে। তবে তদন্তে কয়েকটি নামি ফাস্টফুড রেস্তোরাঁর নাম উঠে এসেছে, যারা আসল ডিম ব্যবহার করছে না। সেই তালিকা দেখে নেওয়া যাক।
১. স্টারবাকস: তাদের ব্রেকফাস্ট স্যান্ডউইচে 'গোটা ডিম' থাকলেও এতে জল, সয়াবিন তেল এবং সাইট্রিক অ্যাসিডের মতো উপাদান যোগ করা হয়।
২. ডানকিন: এই রেস্তোরাঁটি 'আসল ডিম' ব্যবহার করার দাবি করলেও এতে জল, মডিফায়েড কর্ন স্টার্চ এবং সাইট্রিক অ্যাসিডের মতো উপাদান মেশানো থাকে।
৩. সাবওয়ে: তাদের ডিমে ডেক্সট্রোজ, গুয়ার গাম, প্রোপিলিন গ্লাইকোল এবং গ্লিসারিনের মতো উপাদান মেশানো হয়।
৪. চিক-ফিল-এ: এই রেস্তোরাঁর নামও বাদ পড়েনি। এরাও সয়াবিন তেল এবং সাইট্রিক অ্যাসিডের মতো উপাদান দিয়ে ডিমের মিশ্রন তৈরি করে, তা থেকে খাবার বানায়।
৫. বার্গার কিং: তাদের ডিমে রয়েছে তরল পাস্তুরিত মিশ্রণ, যা বিভিন্ন রকম উপাদান দিয়ে তৈরি।