
শেষ আপডেট: 1 January 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মানেই আনন্দের নগরী। দুর্গাপূজা থেকে বড়দিন কিংবা বর্ষবরণ, উৎসবের মরসুমে কলকাতাবাসীর গা ভাসানো চোখে পড়ার মতো। উৎসব মানেই তো প্রিয়জনের সঙ্গে ঘুরে বেড়ানো, দেদার আনন্দ আর অবশ্যই চুটিয়ে খাওয়াদাওয়া। তাছাড়া ভোজনরসিক হিসাবে কলকাতার মানুষের বেশ নাম ডাকও রয়েছে। তাই বলে পাঁচটা-দশটা নয়, একসঙ্গে ১২৫ টি খাবার অর্ডার করতে দেখেছেন কখনও? বর্ষবরণের রাতে কলকাতার এক ভোজনবিলাসীর কাণ্ডে তাজ্জব হয়ে গিয়েছে খোদ অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো!
আজকাল রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার খেতে ইচ্ছে করলে বাইরে বেরোনোর প্রয়োজন পড়ে না। এক ক্লিকেই কয়েক কিলোমিটার দূরের খাবার হাজির হয় ঘরের দরজায়। তাই তো উৎসবের দিনে যেমন থাকে না খাবার তৈরির ঝক্কি, তেমনই আবার বিভিন্ন রেস্তোরাঁর স্টার্টার থেকে ডেসার্ট একসঙ্গে নানান খাবার পাওয়ার সুবিধাও রয়েছে। তেমনই এক ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো থেকে অনেকেই খাবার অর্ডার দেন। অনেক সময় সেই অ্যাপে থাকে নানান আকর্ষণীয় সব অফারও। কিন্তু কোনও ক্রেতা একসঙ্গে ১২৫টি খাবার অর্ডার দিয়েছেন, এমনটা সচরাচর হয় না। তাতেই অবাক হয়েছেন খোদ জোম্যাটোর সিইও দীপিন্দর গোয়েল! নিজেই এক্স হ্যান্ডেলে সেই খবর দিয়েছেন।
Really want to attend the party in Kolkata – where someone just ordered 125 items in a single order ????
— Deepinder Goyal (@deepigoyal) December 31, 2023
গতকাল ৩১ ডিসেম্বর গোটা বিশ্বের সঙ্গে বর্ষবরণের আনন্দে মেতেছিল কলকাতাও। আর সেই রাতেই কলকাতার এক ক্রেতা ১২৫টি খাবারের আইটেম অর্ডার করেন। কী কী খাবার ছিল? দীপিন্দর গোয়েল জানিয়েছেন, ডিশগুলির মধ্যে ছিল রুমালি রুটিও। এরপরই মজা করে লেখেন, “সত্যিই কলকাতার এই পার্টিতে আমিও যোগ দিতে চাই।”
জোম্যাটো সিইওর টুইট নিমেষে ভাইরাল হয়ে যায়। আসতে শুরু করে নেটনাগরিকদের তরফে নানান প্রশ্ন। যেমন এক নেটিজেন লিখেছেন, ''অর্ডারগুলি পৌঁছে দিতে কতজন চালকের প্রয়োজন পড়ল?'' তবে শুধু কলকাতাই নয়, জোম্যাটো সিইও জানিয়েছেন, সারা দেশেই বর্ষবরণের রাতে রেকর্ড অঙ্কের অর্ডার এসেছিল। যার মধ্যে মহারাষ্ট্র থেকে জোম্যাটো সবচেয়ে বেশি অর্ডার পেয়েছে। তাই রেস্তোরাঁ এবং ক্রেতাদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।