
সাপকে কামড়ে দেন সন্তোষ লোহার
শেষ আপডেট: 5 July 2024 19:48
দ্য ওয়াল ব্যুরো: রেললাইন পাতার কাজ চলছিল। সেখানেই বেশ কয়েকদিন ঠিকা শ্রমিক হিসাবে কাজ করছিলেন সন্তোষ। রাতে লাইনের পাশেই তাঁবু খাটিয়ে শুয়েছিলেন তিনি। সারা দিনের পরিশ্রমের পর সবে চোখটা লেগে এসেছিল, হঠাৎ মনে হল পায়ে যেন কিছু একটা কামড়াল। চোখ খুলে উঠে দাঁড়াতেই আর বুঝতে বাকি রইল না। ঘাসের মধ্য়ে দিয়ে চলে যাচ্ছে মস্ত এক সাপ! যদিও সাপের ছোবল খেয়ে এতটুকু ভয় পাননি সন্তোষ। উল্টে দু’হাত দিয়ে ধরে সাপটিকেই কামড়ে দেন তিনি! তাও আবার একবার নয়, পরপর তিন বার।
ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বিহারের নওদায়। ঝাড়খণ্ডের লাতেহার জেলার পাণ্ডুকা এলাকার বাসিন্দা সন্তোষ লোহার। জানা গেছে, সন্তোষের কামড়ে সাপটি মারা গেছে। যা শুনে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন সকলে। যদিও যুবকের শরীরে আর বিষের কোনও প্রভাব নেই। চিকিৎসার পর তিনি বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বিষধর হোক বা না হোক, সাপকে ভয় পায় না এমন মানুষের সংখ্যা কমই রয়েছে। আর সেই সাপকেই নাকি তিন-তিন বার কামড়! শুনেই যেখানে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়, সেই কাজ কেনই বা করলেন সন্তোষ? কারণ অবশ্য তিনি নিজেই জানিয়েছেন।
হাসপাতালে সন্তোষ বলেন যে তাঁদের গ্রামে কথিত রয়েছে, যদি সাপ কামড়ায়, তাহলে পাল্টা ওই সাপকে কামড়ালে বিষ নেমে যায়। তাই চিকিৎসকের কাছে না গিয়ে, প্রথমে ওই যুবক সাপটিকে ধরে তিন বার কামড়ে দেয়। যদিও ওই সন্তোষের ওই যুক্তি মানতে নারাজ চিকিৎসকেরা।
এদিকে সাপে কামড়েছে শুনে সন্তোষের ‘অন্ধবিশ্বাসে’ ভরসা না রেখে তাঁকে রাজাউলি সাব-ডিভিশন হাসপাতালে নিয়ে যান তাঁর সহকর্মীরা। সেখানে চিকিৎসার পরই সুস্থ হন তিনি। একদিন বাদে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
গত জুন মাসে একবার উত্তর প্রদেশের ফতেহপুরে এক ব্যক্তিকে পাঁচবার সাপ কামড়েছিল। প্রতিবার চিকিৎসার পর দিব্যি বেঁচেছিলেন ওই ব্যক্তি। ঘটনাটি ছড়িয়ে পড়তেই বিস্মিত হয়ে যায় নেটদুনিয়া। এমনকী একে ‘বিস্ময়কর’ বলে দাবি করছেন চিকিৎসকরাও।