
শেষ আপডেট: 17 March 2023 09:56
দ্য ওয়াল ব্যুরো: আপনি কি বাসে করে যাতায়াত করার সময় ঘুমিয়ে পড়েন (Sleeping in Bus)? একটু লম্বা পথ বাসে করে যেতে হলেই কি আপনার চোখ জুড়িয়ে আসে? তবে হংকঙের উলু ট্র্যাভেল বাস আপনার জন্য আদর্শ।
এই ট্র্যাভেল কোম্পানি তাদের বাসে নিত্যযাত্রীদের বিশ্রামের জন্য পরিপাটি এক ঘুমের আয়োজন করেছে। উলুর মার্কেটিং ও বিজনেস ম্যানেজার, কেন্নেথ কংয়ের মাথায় প্রথম এই আইডিয়া আসে। তিনি তাঁর এক বন্ধুর ঘুমের সমস্যা দেখে এই ভাবনার রসদ পান। ক্লান্ত ও পরিশ্রান্ত যাত্রীদের জন্য একটি সমাধান বের করে ফেলেন। শহরের ৪৭ মাইল দীর্ঘ তুয়েনমুন হাইওয়ে থেকে উত্তর লানতাউ আইল্যান্ড যাত্রাপথে যাত্রীদের জন্য আরামের ঘুমের এক অবকাশ তৈরি করেন তিনি।

তবে তা অবশ্যই বিনা খরচে নয়। এই বাসে রয়েছে চার ধরনের কেবিন। জিরো ডেসিবেল স্লিপিং বিজনেস ক্লাস কেবিন, ভিআইপি প্যানোরামা কেবিন, জিরো ডেসিবেল স্লিপিং ইকোনমি ক্লাস কেবিন, এবং এক্সট্রা-লেগরুম কেবিন। টিকিটের মূল্য ১৩ ডলার থেকে ৫১ ডলারের মধ্যে।
ভিআইপি প্যানোরামাতে থাকছে প্রত্যেকের জন্য একটি করে রিজার্ভড সিট। বাড়ির বিছানার মতোই প্রায় ব্যবস্থা। অন্য কেবিনগুলির নিয়ম, আগে এলে আগে বসতে পারবেন যাত্রীরা। প্রত্যেকের জন্য বরাদ্দ দু'টো করে আরামদায়ক সিট। এই চারটি কেবিনেই মেলে স্লিপিং গিফ্ট সেট, যাতে থাকে একটি আই মাস্ক ও ইয়ার প্লাগ্স।
বাসে উঠে, চোখ ঢেকে, কান চেপে আরামের এক ঘুমে তলিয়ে যেতে পারেন যাত্রীরা (Sleeping in Bus)। গন্তব্যে পৌঁছতে পৌঁছতে শরীর একদম ঝরঝরে।
এর আগেও ইনসমনিয়ায় ভুক্তভোগী মানুষদের জন্য হংকং উদ্যোগ নিয়েছিল ২০১৮ সালে। হংকঙের বাসিন্দাদের জন্য গড়ে তোলা হয় স্লিপ হল। এটি হংকঙের প্রথম লাইসেন্সড ক্যাপসুল হোটেল, যা তৈরি হয়েছিল কিছু সময় শান্তিতে ঘুমোতে পারার জন্য।
চিউয়িং গাম গিলে ফেললে নাকি পেটে থেকে যাবে ৭ বছর! সত্যিটা জানুন