
শেষ আপডেট: 24 June 2023 14:48
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় সার্কাসে বাঘ সিংহ সহ বিভিন্ন হিংস্র জীবজন্তুদের খেলা দেখানো হত। তখন হাতি, সিংহ, বাঘের মতো জন্তুরা প্রশিক্ষণ পায়ে মন সব খেলা দেখাত যে তাজ্জব হয়ে যেতেন দর্শকরা। পরে অবশ্য আইন করে সার্কাসে বন্যপ্রাণীদের ব্যবহার করা নিষিদ্ধ করা হয়। কিন্তু বাঘ সিংহের খেলা দেখলেও সার্কাসে কেউ যে গরুর খেলা দেখেননি সে কথা হলফ করেই বলা যায়। এমনিতেও গরুর 'বুদ্ধি'র বিষয়ে বিশেষ সুনাম নেই। বোকা মানুষকে অনেক ক্ষেত্রেই মজা করে গরু বলে টিপ্পনি কাটা হয়। ফলে গরুকে কেউ সার্কাসের কসরত শেখানোর চেষ্টাও করেননি। কিন্তু একথা হয়তো অনেকেই জানেন না, ঠিক করে শেখাতে পারলে গরুর মতো গৃহপালিত নিরীহ প্রাণীও দারুণ সব কায়দা করে দেখাতে পারে। শুধু তাই নয়, সেই খেলা দেখিয়ে রীতিমতো গিনেস বুকে নামও তুলতে পারে!
সম্প্রতি তেমনটাই ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ঘোস্ট নামে নেব্রাস্কার ৪ বছর বয়সি একটি গরু ১ মিনিটে অন্তত ১০ রকমের কসরত দেখিয়ে ইতিহাস তৈরি করেছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার। ঘোস্ট নেব্রাস্কার বাসিন্দা মেগান রেম্যান নামে এক তরুণীর পোষ্য।
সে কী কী করতে পারে জানেন?
এক মিনিটের মধ্যে গরুটি নির্দেশ মতো একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, ডাকলে কাছে এগিয়ে আসতে পারে। এছাড়া নির্দেশ মতো মাথা নিচু করা, মাথা নাড়ানো, গোল করে ঘোরা, চুম্বন করা, পেডেস্টালে উঠে দাঁড়ানো, নিজেই নিজেকে দড়ি পরানো, গলায় বাঁধা ঘণ্টা স্পর্শ করা, পা তোলার মতো কাজ করতে পারে ঐটুকু সময়ের মধ্যে।
মেগান জানিয়েছেন, শুধু এটুকুই নয়, ঘোস্ট প্রত্যেকদিনই নানা নতুন কসরত শিখেই চলেছে। এই ১০ রকম ট্রিক ছাড়াও আরও অনেক কিছুই করতে পারে সে। এমনকী, বিভিন্ন রংয়ের মধ্যে তফাৎও করতে পারে সে।
মেগান জানিয়েছেন, ঘোস্টকে যখন তিনি প্রথমবার দেখেছিলেন, তখনই বুঝেছিলেন, সে স্পেশ্যাল। 'আমি জানতাম, একদিন না একদিন ও দারুণ কিছু করে দেখাবে,' দাবি মেগানের।
তিনি আরও জানিয়েছেন, তিনি মূলত ঘোড়াদের বিভিন্ন কসরত শেখাতেন। তবে ঘোস্টকে পাওয়ার পর তার উপরেও সেই শিক্ষণ-পদ্ধতিই প্রয়োগ করেছিলেন। তাতেই বাজিমাত হয়েছে।
মেসি না রোনাল্ডো? সানি বললেন সুনীল ছেত্রী, মুহূর্তে জবাব ভাইরাল