
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 February 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: পিকনিকে যেতে পারছিল না ছোট্ট পড়ুয়া প্রিন্স। সে কথা জানার পরে, তার ছোট্ট ছোট্ট সহপাঠীরা নিজেরাই চাঁদা তুলে তার জন্য টাকা জোগাড় করল! তাদের এই আন্তরিক উদ্যোগের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেপালের এক স্কুলে বন্ধুত্বের এই অসাধারণ দৃষ্টান্ত দেখে মুগ্ধ বিশ্ব।
এই হৃদয়স্পর্শী ঘটনার ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেন ওই ছাত্রদের শিক্ষক, সাঙ্গে স্যার। ভিডিওতে দেখা যায়, ছোট ছোট ছাত্ররা তাদের বন্ধু প্রিন্সের জন্য চাঁদা তুলছে, যাতে সে তাদের সঙ্গে স্কুলের পিকনিকে যেতে পারে। ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, 'আজ আমি বন্ধুত্বের সবচেয়ে সুন্দর রূপ দেখলাম। এই ছোট ছোট শিশুরা মনে করিয়ে দিল, অন্যকে সাহায্য করাই মানবতার সবচেয়ে মহৎ কাজ। আশা করি, তারা সারাজীবন এই নিষ্পাপ ও উদার মন নিয়ে এগিয়ে যাবে।' দেখুন সেই ভিডিও।
View this post on Instagram
ভিডিওটি ভাইরাল হওয়ার পরে সাঙ্গে স্যার আরও একটি পোস্ট করেন। সেখানে তিনি দেখান, কীভাবে প্রিন্স তার বন্ধুদের কৃতজ্ঞতা জানায়। শিক্ষক লেখেন, 'বন্ধুরা তার জন্য যা করেছে, তাতে অভিভূত হয়ে পড়েছিল প্রিন্স। তাই কৃতজ্ঞতা প্রকাশের জন্য সে নিজে সবাইকে আইসক্রিম খাওয়ায়। এছাড়া, তার মা পুরো ক্লাসের জন্য ব্যাগভর্তি আখ পাঠান, যা মুহূর্তটিকে আরও মিষ্টি করে তোলে।'
সাঙ্গে স্যার আরও জানান, প্রিন্সের বাবা-মা একটি জুসের দোকান চালান। 'আমি কথা দিয়েছি, খুব তাড়াতাড়ি তাদের দোকানে যাব এবং ওদের পাশে দাঁড়াব।' দেখুন দ্বিতীয় ভিডিও।
View this post on Instagram
এই ভিডিও দেখে নেট দুনিয়া আপ্লুত। অনেকেই মন্তব্য করেছেন, 'এটাই প্রকৃত মানবতা! এই শিশুরা আমাদের সবার জন্য অনুপ্রেরণা।' আরেকজন লিখেছেন, 'এই ভিডিও আমার মন ছুঁয়ে গেছে! ভালবাসা ও বন্ধুত্বের অনন্য নিদর্শন।' অন্য জনের মত, 'এভাবেই স্কুলগুলোতে আরও বেশি করে ভালবাসা, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেওয়া উচিত। এই ছাত্ররা সত্যিই ভাগ্যবান, কারণ তাদের এমন অসাধারণ একজন শিক্ষক রয়েছেন।' স্কুলের মূল্যবোধের প্রশংসা করে অনেকেই বলেছেন, 'শিক্ষককে কুর্নিশ, যিনি এমন এক ভালবাসার পরিবেশ তৈরি করেছেন।' এক জন লেখেন, 'ভিডিওর শেষে প্রিন্সের হাসিই সব বলে দিচ্ছে। এই ধরনের কনটেন্ট আরও বেশি দেখা উচিত আমাদের!'