
শেষ আপডেট: 27 August 2023 01:30

দ্য ওয়াল ব্যুরো: সেই যে গুপি-বাঘার গান ছিল, যা শুনলে মন্ত্রমুগ্ধ হয়ে যেত শ্রোতারা, নড়াচড়ার উপায় থাকত না, গান না শেষ হওয়া অবধি ওঠার উপায়ই নেই! এও যেন ঠিক তেমনটা। চোখের সামনে এমন ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখলে বাকরুদ্ধ হয়ে যায়, কোন যাদুবলে যেন হাত-পা বাঁধা পড়ে যায় প্রকৃতির মায়ার বাঁধনে। নড়া যায় না, সরা যায় না, শুধুই তাকিয়ে থাকতে হয়। আসলে ১৪৫০ ফুট উচ্চতায় পাহাড়ের খাঁজ থেকে ঝরঝর করে নীচে নামছে জলপ্রপাত। কিন্তু প্রবল হাওয়ার কারণে সেই জল যেন উড়ছে! তাতেই সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে রামধনু-রঙা বর্ণচ্ছটা তৈরি করেছে (Rainbow Waterfall)। দেখলে মনে হবে, যেন আস্ত একখানা রামধনু পতপত করে উড়ছে পাহাড়ের উপর। সেই অপরূপ নৈসর্গিক দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

জানা গেছে, এই জলপ্রপাতটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের (Yosemite national Park) বিখ্যাত ইয়োসেমাইট জলপ্রপাতের। ভিডিওটি পুরনো হলেও তা নতুন করে ভাইরাল হয়েছে সম্প্রতি। তাতেই এমন অনির্বচনীয় দৃশ্য দেখা গেছে। আসলেই জলপ্রপাতটি বিশাল উচ্চতা থেকে নামার কারণে সেখানে বাতাসের বেগ অত্যন্ত বেশি। তাই পাহাড়ে ফাঁক থেকে জল যখন গড়িয়ে নীচে নামে, তখন প্রচণ্ড হাওয়ায় তা একপ্রকার উড়ছে বলে মনে হয়। আর সেই উড়ন্ত জলবিন্দুতে যখন উদীয়মান সূর্যের রশ্মি প্রতিফলিত হয় তখনই এমন রামধনু সৃষ্টি হয় জলপ্রপাতের উপর। প্রায় দেড় হাজার ফুট উচ্চতা জুড়ে পুরো প্রপাতটাই তখন হয়ে যায় আস্ত একটা রামধনু।

ইয়োসেমাইট পার্কটি ক্যালিফোর্নিয়ার চারটি ভিন্ন কাউন্টি জুড়ে বিস্তৃত এবং প্রায় ৭,৬১,৭৪৭ একর এলাকা জুড়ে রয়েছে। এটি আয়তনের দিক থেকে দেশের ১৬ তম বৃহত্তম জাতীয় উদ্যান।

সূত্রের খবর ,এই ভিডিওটি তোলা হয়েছিল ২০১৭ সালের নভেম্বর মাসে। সল্টলেক সিটির চিত্রগ্রাহক গ্রেগ হার্লো সকাল ৯টা নাগাদ এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন বলে জানা গেছে। 'নেচার ইজ অ্যামেজিং' নামক একটি এক্স হ্যান্ডেলে (টুইটার) ভিডিওটি নতুন করে আপলোড করা হয়েছে যা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। দেড় কোটি মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। ২ লক্ষেরও বেশি মানুষ পছন্দ করেছেন সেটি।
টলটলে জলের বুকে দুরন্ত আগুনের ঘূর্ণি! প্রকৃতির দুই মহা-শক্তির মিলনে বিরল ঘটনা