
ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 20 December 2024 16:44
দ্য ওয়াল ব্যুরো: মানুষ যত ব্যস্ত হয়েছে, কাজ বেড়েছে, তত কমেছে ঘুমের সময়। একটু ঘুমের জন্য যে সবকিছু, সেই ঘুমই ধীরে ধীরে কমেছে জীবনে। যার ফল একাধিক শারীরিক অসুস্থতা। তবে শুধুই কি শারীরিক অসুস্থতা, শুধুই কি পেটে সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, দিনে নির্দিষ্ট সময় না ঘুমোলে মানুষের চেহারাই পাল্টে যায়। একটি ডিজিটাল মডেল বানিয়ে সেই উদাহরণই দেখালেন এক চিকিৎসক। দিনের পর দিন কম ঘুমানোর ফলে ২০৫০ সালে একজনকে ঠিক কেমন দেখতে হতে পারে তা দেখানো হয়েছে মডেল 'হান্না'-কে দিয়ে।
ঘুম কম এবং শারীরিক সমস্যা সংক্রান্ত ১৯টি রিসার্চ পেপারের জন্য ডিজিটাল মডেল 'হান্না'-কে তৈরি করেন ডক্টর সোফি বস্টক। একজন ৪৫ বছর বয়সী ডিজিটাল মডেল, তাকে সামনে রেখেই তিনি দেখিয়েছেন, সারাদিনে ঠিকমতো না ঘুমালে কীভাবে শারীরিক আকারের পরিবর্তন হতে পারে মানুষের।
ছবিটি দেখলে বোঝা যাবে, একদিনে মাত্র ছয় ঘণ্টা ঘুমালে ২০৫০ সালে গিয়ে সকলকে ঠিক কেমন দেখতে হবে। চুল পড়তে শুরু করবে, একদম টাক পড়ে যাবে। ত্বক ঝুলে যাবে। চোখ ফুলে উঠবে। হাত-পায়ে ব্যথা শুরু হবে সঙ্গে টান ধরবে। ব্যাক পেইন শুরু হবে যার জন্য আস্তে আস্তে কুঁজো হতে শুরু করবেন এবং যেকোনও ফ্লু খুব তাড়াতাড়ি শরীরে বাসা বাঁধবে। যার ফলে ধীরে ধীরে কমে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা। আসলে কম ঘুমালে পুরো চেহারাটাই যেকারও পাল্টে যেতে পারে এবং অদ্ভুত দেখতে লাগতে শুরু করবে ধীরে ধীরে।
এই কারণেই বিশেষজ্ঞরা বলছেন, দিনে একজন প্রাপ্তবয়স্ক মানুষের অন্তত সাত থেকে নয় ঘণ্টা ঘুমানো উচিত। ঘুম রাতে হলেই ভাল।
বর্তমানে মোবাইল ফোনের জমানায় বহু মানুষ রাতে শোয়ার সময় মোবাইল ফোন ঘাটতে ঘাটতে ঘুমোতে দেরি করেন। কিন্তু অফিস বা বাড়ির কাজ তো দেরি করে শুরু করা সম্ভব হয় না। তাই উঠতে হয় তাড়াতাড়ি। ঘুমে খামতি রয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় ধীরে ধীরে সমস্যা। সমস্যা প্রাথমিক স্তরে বোঝা না গেলেও, এর প্রভাব সুদূরপ্রসারী।
ডক্টর বস্টক বলছেন, এসব ছাড়াও কম ঘুমালে হার্টের সমস্যা, ওবেসিটি, ডায়াবেটিসের মতো ক্রনিক শারীরিক সমস্যা হতে পারে।