
বিয়েবাড়িতে কুরুক্ষেত্র
শেষ আপডেট: 25 June 2024 18:01
দ্য ওয়াল ব্যুরো: প্রস্তুত বিয়ের মণ্ডপ। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে বিয়েবাড়ি। গানবাজনা থেকে খাবার-দাবার, সবেতেই দেদার আয়োজন। বিয়ের আসরে উপস্থিত বরযাত্রীরা। একে একে খাবার টেবিলের দিকে এগোতে শুরু করেছেন সকলে। কিন্তু পাতে বিরিয়ানি পড়তেই রেগে লাল পাত্রপক্ষ। বিরিয়ানিতে ‘লেগ পিস’ নেই কেন, তা নিয়ে শুরু হয় তুমুল ঝামেলা।
আজকাল বিয়েকে ঘিরে কত রকম কাণ্ডই না সামনে আসে। কখনও মজার ঘটনা, আবার কখনও বা বেশ গুরু গম্ভীর। ইদানীং সোশ্যাল মিডিয়া খুললেই বিয়ের ভাইরাল ঘটনা রয়েছে সর্বত্র। আর এবার বিরিয়ানিতে 'চিকেন লেগ পিস' না পাওয়ায় ছাদনাতলায় মালাবদলের আগেই বিয়েবাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যায়। প্রথমে কথা কাটাকাটি থেকে শুরু হলেও তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। অতিথিরা একে অপরকে চড়-কিল-ঘুষিও মারতে শুরু করেন। ঘটনাটি নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।
Fight broke out in Bareilly during a wedding as chicken biryani didn't have enough leg pieces. India is doing just fine and normal beyond X pic.twitter.com/wE574OnqXB
— Rahul Roushan (@rahulroushan) June 24, 2024
ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলীর নবাবগঞ্জের। সেখানেই সম্প্রতি একটি বিয়েবাড়িতে বরযাত্রীদের চিকেন বিরিয়ানি পরিবেশন করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিরিয়ানিতে ‘লেগ পিস’ পড়েনি কেন, তা নিয়ে শুরু হয় তুমুল বাদানুবাদ। কনেপক্ষের উদ্দেশে কটূক্তি করতে শুরু করেন বরযাত্রীরা। একে অপরকে কিল-চড়-ঘুষির সঙ্গেই চেয়ার ছুড়েও চড়াও হতে দেখা যায়।
ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এক্স হ্যান্ডেলে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে মারপিট চলছে। এদিকে সামান্য ‘লেগ পিস’-এর জন্য এত অশান্তি হচ্ছে দেখে বেজায় চটে যান পাত্র। সকলে শান্ত না হলে তিনি বিয়ে করবেন না স্পষ্ট জানিয়ে দেন। এরপরই পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসে। খানিকক্ষণ বাদে বিবাহ পর্ব সম্পন্ন হয়।