
শেষ আপডেট: 17 June 2023 11:18
দ্য ওয়াল ব্যুরো: অপটিক্যাল ইলিউশন (optical illusion)। সহজ বাংলায় দৃষ্টিভ্রম। অর্থাৎ কিনা, কোনও জিনিস আপনি যেভাবে দেখছেন, সেটি আদতে হয়তো সেরকম নয়। অথবা, একই জিনিস বিভিন্ন মানুষ বিভিন্নভাবে দেখছেন। সেই ঘটনাও দৃষ্টিভ্রমের অধীনেই পড়ে। সোজা কথায় বলতে গেলে, আসল জিনিসের থেকে চোখে দেখা জিনিস অনেকখানি আলাদা হয়। দেখার এই ভুলকেই বলা হয় অপটিক্যাল ইলিউশন।
ইন্টারনেটে ইদানিং এমন অনেক ছবি পাওয়া যায়, যেগুলি একবার দেখলে কিছুতেই আসল সত্যিটা বোঝা যাবে না। ঠিক করে বোঝার জন্য বারবার করে দেখতে হবে। কিন্তু তাতেও যে সবসময় সঠিক ঘটনা সামনে আসে, তা কিন্তু নয়। সম্প্রতি নেট মাধ্যমে তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, কাঠের বেড়ার উপর একটি পাখি বসে রয়েছে। ছবিটি আসলে পাখির শিল্যুয়েট, সেটির চোখ মুখ কিছুই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে মজার জিনিস হল, ছবিতে পাখিটি কোন দিকে মুখ করে বসে আছে অর্থাৎ দর্শকদের দিকে, নাকি ঠিক উল্টোদিকে, তা বোঝা মুশকিল। আর তা নিয়েই দ্বিধাবিভক্ত নেটিজেনরা (which direction this bird is facing)।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে দিনকয়েক আগেই শেয়ার করা হয়েছে ছবিটি। অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গেছে অদ্ভুত এই ছবিটি। কেউ কেউ মনে করছেন, পাখিটি আসলে দর্শকদের দিকে, বা বলা ভাল, ক্যামেরার দিকে মুখ করে বসে রয়েছে। তাঁদের দাবি, পাখিটির ঠোঁট এবং পায়ের অবস্থান থেকে অনুমান, ক্যামেরার দিকেই সামান্য ডান পাশে ফিরে বসে রয়েছে পাখিটি।
https://www.reddit.com/r/opticalillusions/comments/145m6up/which_way_is_this_bird_facing/?utm_source=embedv2&utm_medium=post_embed&utm_content=whitespace&embed_host_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fviral-optical-illusion-can-you-tell-which-direction-this-bird-is-facing-101686987253565.html
যদিও, আর একদল মনে করছেন, প্রকৃত ঘটনা ঠিক এর উল্টো। তাঁদের দাবি, এটি ক্যামেরার দিকে পিছন করে বসে রয়েছে। পাখিটির পায়ের আঙুল দেখে তেমনটাই অনুমান তাঁদের।
যদিও সত্যিই পাখিটি কোন দিকে মুখ করে বসে রয়েছে সে প্রশ্নের কোনও সদুত্তর মেলেনি। আপনি কী ভাবছেন? কোন দিকে মুখ করে রয়েছে পাখিটি?