
শেষ আপডেট: 11 August 2022 11:40
দ্য ওয়াল ব্যুরো: ধরুন, আপনার সন্তান পরীক্ষায় দুর্দান্ত ফল করল। কিংবা নতুন চাকরিতে যোগ দিল। তার সাফল্য (Success) উদযাপন (celebrate) করার জন্য কী কী করবেন আপনি? বাড়িতে কিংবা বাইরে খাওয়া দাওয়া, বেশিরভাগ মানুষ সেভাবেই উদযাপন করেন সাফল্য। কিন্তু সম্প্রতি এক মহিলা তাঁর মেয়ের সাফল্য উদযাপনের জন্য যে পন্থা বেছে নিয়েছেন, তাতে একই সঙ্গে হতবাক এবং অভিভূত নেটিজেনরা। নিউ জার্সির (New Jersey) এক মহিলা তাঁর মেয়ের (daughter) 'ডক্টরেট ডিগ্রি' (Doctorate Degree) পাওয়ার পর মেয়েকে অভিনন্দন (Congratulate) জানানোর জন্য ভাড়া নিয়ে ফেলেছেন একটি আস্ত বিলবোর্ড (Bill Board)!
হ্যাঁ, ঠিকই পড়েছেন। ৫২ বছর বয়সি কেন্দ্রা বাসবি তাঁর মেয়ে ক্রিস্টিন এস স্মলসের ডক্টরেট ডিগ্রি পাওয়ার খুশিতে ঘটিয়ে ফেলেছেন এমন অভাবনীয় কাণ্ড। ফিলাডেলফিয়া কলেজ অফ অস্টিওপ্যাথিক মেডিসিন থেকে গত ২৯ জুলাই মনোবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন ক্রিস্টিন। তারপরেই উচ্ছসিত হয়ে পড়েন কেন্দ্রা। এই খুশির খবর গোটা শহরের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ভারতীয় টাকায় ৯৯ হাজার ৩০৬ টাকা দিয়ে ক্যামডেনের বিমানবন্দরের দক্ষিণে একটি বিলবোর্ড ভাড়া নেন তিনি। হোর্ডিংয়ে মেয়ের ছবি দিয়ে তিনি লেখেন, 'আসুন, নতুন করে পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে। ডঃ ক্রিস্টিন এস স্মলস। দেখুন, ক্যামডেনে কী দারুন জিনিস ঘটেছে!'
হোর্ডিংয়ের শেষ লাইনটি একটি বিশেষ কারণে লিখেছেন, দাবি কেন্দ্রার। তিনি জানিয়েছেন, 'আমরা একদিন হঠাৎ শুনলাম যে, ক্যামডেনে কখনও ভাল কিছু ঘটে না। সেই জন্যই আমরা জানাতে চেয়েছিলাম যে, সত্যিই ক্যামডেনে ভাল কিছু ঘটেছে।'
ক্রিস্টিন জানিয়েছেন, আমি এবং আমার ভাই কখনও কিছু ভাল করলে মা সব সময়ই একরকম অভাবনীয় কাণ্ড করেন। এবং প্রত্যেকবারই নিজেকে ছাপিয়ে যান তিনি।'
মেয়ের সাফল্য ফেসবুকেও শেয়ার করে নিয়েছেন কেন্দ্রা। নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, 'তুমি আমার উজ্জ্বল নক্ষত্র। তুমি যেমনই হও, তুমি সবসময় উজ্জ্বলই থাকবে। আমি পৃথিবীর সবচেয়ে গর্বিত মা। ভালবাসি তোমাকে, ডঃ ক্রিস্টিন এস স্মলস।'
স্বভাবতই সেই পোস্টে শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। ক্রিস্টিনকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। একই সঙ্গে কেন্দ্রার বিলবোর্ড ভাড়া নেওয়ার ঘটনায় অবাক তাঁরা!
বিমানে সিগারেট খাচ্ছেন যুবক! ভিডিও ভাইরাল, তদন্তের নির্দেশ দিলেন সিন্ধিয়া