
শেষ আপডেট: 21 July 2022 06:25
দ্য ওয়াল ব্যুরো: শুধু বিশ্ব নয়, বিশ্বব্রহ্মাণ্ড জয় করে ফেলেছে নাসার (NASA) জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope)। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় টেলিস্কোপ। মহাকশের কোণা কোণা থেকে যাবতীয় ঘটনার খুঁটিনাটি ছবি ধরা পড়ে এই টেলিস্কোপের লেন্সে। সেই জেমস ওয়েব টেলিস্কোপে ধাক্কা মেরেছে বিশাল একটি গ্রহাণু (Asteroid)। আর তাতে নাকি টেলিস্কোপটি ক্ষতিগ্রস্তও হয়েছে।

নাসা সূত্রে খবর, গত মে মাসে মহাকাশে বড়সড় বিপদের মুখে পড়েছিল জেমস ওয়েব টেলিস্কোপ। একটি বড় গ্রহাণুর সঙ্গে ধাক্কা লাগে তার। এতে ব্যাপক ক্ষতি হয়েছে টেলিস্কোপটির।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং ক্যানাডিয়ান স্পেস এজেন্সির সহযোগিতায় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তৈরি করেছিল নাসা। এটি এখন পৃথিবীর মানুষের কাছে মহাকাশের আয়না স্বরূপ। জেমস ওয়েবের কাঁচ দিয়েই মহাজাগতিক দৃশ্য চাক্ষুষ করে নাসা, চাক্ষুষ করে পৃথিবী।

তবে শোনা যাচ্ছে, ওই টেলিস্কোপে গ্রহাণুর ধাক্কায় যা ক্ষতি হয়েছে, তাতে নাসার পরিকল্পনা ধাক্কা খেতে পারে। আরও কয়েক বছর মহাকাশে একই শক্তিতে জেমস ওয়েব দাপিয়ে বেড়াতে পারবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, বিজ্ঞানীরা গত কয়েকদিনে জেমস ওয়েব টেলিস্কোপটির গতিবিধি পরীক্ষা করে দেখেছেন, তাতে তাঁদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এমন কিছু সমস্যা ধরা পড়েছে যা কিছুতেই ঠিক করা যাচ্ছে না। টেলিস্কোপটি আর আগের মতো কাজ করছে না।
জানা গেছে, যেদিন থেকে জেমস ওয়েব মহাশূন্যে যাত্রা শুরু করল সেদিন থেকে এখনও পর্যন্ত এই টেলিস্কোপে ৬ বার মুহাজাগতিক বস্তুর সংঘর্ষ হয়েছে। প্রথম পাঁচ সংঘর্ষের ফল সামান্য ছিল, তাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের তেমন কোনও ক্ষতি হয়নি। তবে ষষ্ঠ বারের ধাক্কায় বেশ খানিকটা বিপাকে পড়েছে জেমস ওয়েব।
তবে উল্লেখ্য, জেমস ওয়েবের প্যানেলে গ্রহাণুর ধাক্কা লেগেছে। এতে তার ছবি তোলার ক্ষমতায় কোনও প্রভাব পড়বে না।
আরও পড়ুন: টলটলে জল, পুঞ্জ পুঞ্জ মেঘ! হাজার আলোকবর্ষ দূরে আশ্চর্য গ্রহের খোঁজ পেল নাসা