
শেষ আপডেট: 30 December 2022 14:44
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে আকাশে হঠাৎ দেখা গেল রহস্যময় আলো (Mysterious Light)! যা নিয়ে হইচই পড়ে গেছে নেটপাড়ায়। আলোর উৎস কী, সেই নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। লালচে-হলুদ আভা আলোর স্থায়িত্ব কয়েক সেকেন্ড হলেও, মানুষের মনে হাজার হাজার প্রশ্নের জন্ম দিতে তা ছিল যথেষ্ট!
এই রহস্যময় আলো দেখা যায় আমেরিকার লাস ভেগাসের (Las Vegas) আকাশে। কিন্তু আলোর উৎস কোনও ভিনগ্রহীদের যান বা ইউএফও (UFO) নয় তো, শহরবাসীর অনেকে সেটাই দাবি করেন। আকাশে রহস্যময় আলো দেখা দিতেই অনেকে ক্যামেরাবন্দি করে নেন তা। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়েছে।
এমনকী রহস্যময় আলো লক্ষ্য করে সার্চ লাইটও ফেলা হয়। যদিও আলোর উৎসর কোনও সদুত্তর মেলেনি। শহরবাসীদের কথায়, 'আমরা প্রায় প্রতিদিনই এখানে আসি। কিন্তু এমন আলো আগে কখনও দেখিনি।' অনেকেই এই আলোর উৎস 'ইউএফও'র বলে দাবি করেছেন।
যদিও বিশেষজ্ঞরা 'ইউএফও' তত্ত্ব মানতে নারাজ। তাঁদের দাবি, প্রাকৃতিক কোনও কারণে এই আলো তৈরি হয়ে থাকতে পারে। তবে এখনও এই আলোর উৎস সম্পর্কে কোনও সঠিক তথ্য মেলেনি।
প্রসঙ্গত, চলতি মাসের ১৫ তারিখ ভারতে বিশেষত বাংলা ও তার আশেপাশের কয়েকটি জায়গায় আকাশে এমন রহস্যময় আলোর খোঁজ মিলেছিল। মনে হয়েছিল, কেউ যেন আকাশ থেকে টর্চের আল ফেলছে। পরে অবশ্য অনেকে দাবি করেন ওই আলোর উৎস ছিল 'অগ্নি ৫'-এর উৎক্ষেপণ!
বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে স্বামী, তাও আবার তাঁরই মায়ের সঙ্গে! আদালতের দ্বারস্থ স্ত্রী