
শেষ আপডেট: 6 March 2023 14:49
দ্য ওয়াল ব্যুরো: ধর্মীয় সম্প্রীতির নিদর্শন স্থাপন করতে মুসলিম তরুণ-তরুণী (Muslim couple) বিয়ে করলেন মন্দিরে। রবিবার সকালে শিমলার এই ঘটনায় জানা গেছে, পেশায় দু'জনেই সিভিল ইঞ্জিনিয়ার। পড়াশোনার পাশাপাশি নানা সামাজিক কাজকর্মও করেন তাঁরা। তাঁরা ইসলামিক মতে বিয়ে করলেও বিয়ের সমস্ত কাজই সেরেছেন হিমাচলের এক মন্দিরে (Hindu temple)।
গতে বাঁধা নিয়মের বাইরে বেরিয়ে কতজন কত কিছুই করেন। তাই বলে সত্যনারায়ণ ঠাকুর মন্দিরের ভিতরে মুসলিম যুগলের বিয়ে-- এমনটা বোধহয় আগে শোনা যায়নি। ধর্ম নিয়ে যত গোঁড়ামি আছে, সেসবের উপরে উঠে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে তাঁরা ভালবাসার মাধ্যমেই বার্তা দিলেন সম্প্রীতির।
জানা গেছে, বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আওতায় পড়ে ওই মন্দিরটি। মন্দিরের জেনারেল সেক্রেটারি জানান, "বেশিরভাগ সময়েই আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের উপর আঙুল ওঠে, যে তারা মুসলিম বিরোধী। কিন্তু এই তো এক মুসলিম যুগলের বিয়ে হল মন্দির চত্বরে। সুতরাং, সেসব অভিযোগ মিথ্যা।'
মেয়ের বাবা জানান, সবরকম সাহায্য পেয়েছেন তাঁরা এই বিয়ে সুষ্ঠুভাবে দেওয়ার জন্য। সাধারণ মানুষ, মন্দিরের ভিতরের লোক, জেনারেল সেক্রেটারি-- সবাই এই শুভক্ষণে মেতে উঠেছেন, একসঙ্গে আনন্দ করেছেন বিয়েতে।