
শেষ আপডেট: 3 July 2023 11:39
দ্য ওয়াল ব্যুরো: ২০১৫ সালের ৬ মার্চ। দুটি কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিল ১৭ বছরের রুডি ফারিয়াস। বেশ কিছুক্ষণ পর ফিরে এসেছিল তার কুকুরগুলি। তাদের গলার লিশ উধাও হয়ে গিয়েছিল। সেই সঙ্গেই উধাও হয়ে গিয়েছিল রুডি নিজেও। কীভাবে, কেন, সে রহস্যের সমাধান হয়নি। হাজার চেষ্টাতেও তার সন্ধান মেলেনি। শেষমেশ ৮ বছর পর সন্ধান পাওয়া গেল তার। সেদিনের কিশোর আজ তরতাজা যুবক, তার বয়স এখন ২৫ বছর (missing teenager found)।
রুডি মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাউস্টনের বাসিন্দা। ৮ বছর আগে যে যখন উধাও করেই গায়েব হয়ে গিয়েছিল, তখন সেই ঘটনায় দেশজুড়ে হইহই পড়ে গিয়েছিল। কীভাবে একজন কিশোর কোনও কারণ ছাড়াই এভাবে হারিয়ে যেতে পারে, তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তদন্তকারীদের। যদিও হাল ছাড়েননি রুডির বাড়ির লোকজন। ছেলেকে খোঁজার জন্য একজন গোয়েন্দা নিয়োগ করেছিলেন তাঁরা। হাত গুটিয়ে বসে ছিল না 'টেক্সাস সেন্টার ফর মিসিং' নামক সংস্থাটিও। গত শনিবার সেই সংস্থার তরফে টুইট করে ঘোষণা করা হয়েছে, খোঁজ মিলেছে রুডির! সেই সঙ্গে একথাও জানিয়েছে তারা, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যুবক রুডি।
যদিও কী কারণে রুডি হাসপাতালে রয়েছে সেকথা খোলসা করেনি সংস্থাটি। রুডির পরিবারের লোকজন জানিয়েছেন, তাঁদের ছেলে অবসাদে ভুগছিল। তার জন্য ওষুধও খেত সে। হারিয়ে যাওয়ার ঘটনার বছরখানেক আগেই একটি বাইক দুর্ঘটনায় রুডির দাদা মারা যান। সেই দাদা ছিল কিশোরের প্রিয়তম বন্ধু। তাঁর মৃত্যুতে ক্রমশই আরও অবসাদে ডুবে যাচ্ছিল কিশোর। দুই পোষ্য কুকুর খানিকটা হলেও শান্তি দিত তাকে। তাই তাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসত রুডি।
কিন্তু সেই পোষ্যদের সঙ্গে সময় কাটাতে গিয়েই নিখোঁজ হয়ে গিয়েছিল রুডি। তদন্তকারীদের অনুমান, অবসাদের কারণেই হয়তো রাস্তায় বেরিয়ে দিশেহারা হয়ে পড়েছিল কিশোর। হয়তো সে ওষুধও ঠিক মতো খাচ্ছিল না। কিন্তু সে কোথায় গিয়ে থাকতে পারে, তা কিছুতেই বোঝা যায়নি। গোয়েন্দা এবং পুলিশ তল্লাশি চালিয়েও কিছুতেই রুডিকে খুঁজে পায়নি। টানা ৮ বছর ধরে অদ্ভুত রহস্যে মোড়া ছিল কিশোরের অন্তর্ধান রহস্য।
তবে হাল না ছাড়ার ফল পাওয়া গেছে। ৮ বছরেরও বেশি সময় নিখোঁজ থাকার পর অবশেষে রুডিকে পাওয়া গেছে বলে ঘোষণা করেছে টেক্সাস সেন্টার ফর মিসিং। তবে কীভাবে এবং কোথা থেকে তার খোঁজ পাওয়ায় গেছে, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি সংস্থাটি। কেনই বা রুডিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে সে কথাও জানানো হয়নি।
তবে ছেলেকে এত বছর পর ফিরে পেয়ে আনন্দে আত্মহারা রুডির পরিবার। পুলিশ এবং গোয়েন্দাদের প্রতি অসীম কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন তাঁরা।
পঞ্চায়েত: বুথের কাছেই থাকবেন সিভিক ভলান্টিয়াররা, তাঁদের কাজ কী হবে আদালতে জানাল কমিশন