
শেষ আপডেট: 2 July 2023 11:06
দ্য ওয়াল ব্যুরো: শহরের মেয়রের বিয়ে বলে কথা! সে কি যে সে ব্যাপার! একেবারে নিয়ম মেনে গাঁটছড়া বাঁধলেন বর-কনে। সাদা পোশাকে হাজির হয়েছিলেন বর, কনের পরনেও ছিল ঐতিহ্যবাহী সাদা গাউন। মাথায় আবার লাগানো ভেল। সব রীতিনীতি মেনে চারহাত এক হল। কিন্তু সত্যিই কি চার হাত? না, দুই হাত, দুই পা বলাই ভাল। আসলে কনের তো হাত নেই, তার ৪টিই পা। প্রজাতিগতভাবে 'তিনি' যে একটি কুমির! সেই কুমিরের সঙ্গেই বিয়ে সেরেছেন দক্ষিণ মেক্সিকোর সান পেদ্রো হুয়ামেলুলা শহরের মেয়র ভিক্টর হুগো সোসা (mayor marries crocodile)।
এই অঞ্চলের মানুষদের বিশ্বাস, কুমিরের সঙ্গে বিয়ে সৌভাগ্য বয়ে আনে। শহরের মেয়র, যাঁকে চোন্টাল গোষ্ঠীর রাজা বলে ধরে নেওয়া হয়, তিনি একটি স্ত্রী-কুমিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। স্থানীয় ঐতিহ্য অনুসারে, এই বিয়েটি চোন্টাল এবং হুয়াভ আদিবাসী গোষ্ঠীর মধ্যে শান্তি এবং দুটি সংস্কৃতির প্রতীক। গত ২৩০ বছর ধরেই এই প্রথা চলে আসছে সেখানে।
প্রচলিত বিশ্বাস অনুসারে, এই বিয়ের ফলে পৃথিবীর সঙ্গে সংযোগ স্থাপিত হয় স্থানীয় গোষ্ঠীগুলির। তাঁরা প্রকৃতিমাতার কাছে সম্প্রীতি, সৌহার্দ্য, বৃষ্টি এবং ফসলের ভাল উৎপাদন হওয়ার জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। অনুষ্ঠানের আগে সরীসৃপটিকে নাচের জন্য স্থানীয় মানুষের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে নিরাপত্তার জন্য কুমিরটির মুখ বেঁধে রাখা হয় বিয়ের অনুষ্ঠান না মেটা পর্যন্ত। টাউন হলে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে একজন স্থানীয় মৎস্যজীবী মাছ চাষ এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
ভিক্টর যে কুমিরটিকে বিয়ে করেছেন সেটির নাম অ্যালিসিয়া আদ্রিয়ানা। স্থানীয়রা মনে করেন কুমিরটি হল একটি 'রাজকন্যা'। তার সঙ্গে গাঁটছড়া বেঁধে অত্যন্ত খুশি ভিক্টর। তাঁর দাবি, 'আমরা একে অপরকে ভালবাসি, এবং আমি ওর দায়িত্ব গ্রহণ করেছি। সেটাই গুরুত্বপূর্ণ। আপনি ভাল না বেসে বিয়ে করতে পারবেন না কাউকে। তাই আমি রাজকন্যার সঙ্গে বিয়েতে সম্মত হয়েছি।'
সেই বিয়ের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখুন সেটি।
https://twitter.com/Reuters/status/1675324662623117314?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1675324662623117314%7Ctwgr%5Ed5b7162ee9eddc89dfc8abedca16b7e9f9a1a446%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Fworld%2Fstory%2Fmexican-mayor-marries-female-crocodile-century-old-practice-bring-good-fortune-2400729-2023-07-02
রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর মাথা ফুঁড়ে দেয় গুলি, দুষ্কৃতী তাণ্ডবে থমথমে বাসন্তী