
শেষ আপডেট: 30 November 2023 12:46
দ্য ওয়াল ব্যুরো: সূর্যে প্রচণ্ড ঝড় উঠেছে। তোলপাড় হচ্ছে সবকিছু। সূর্যের করোনা অশান্ত। প্রলয়ঙ্কর সেই সৌরঝড় পৃথিবীর দিকে তেড়ে আসছে বলে সতর্ক করেছে ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন(NOAA)।’
নাসার স্পেস ওয়েদার বিশেষজ্ঞ ডা. তামিথা স্কভ বলছেন, প্রায় সাড়ে ৯ কোটি মাইল দূরে সূর্য থেকে ছুটে এসে পৃথিবীতে আছড়ে পড়বে গনগনে সৌররশ্মিরা। পূর্বাভাস বলছে, শুক্রবারই নাকি পৃথিবীতে আছড়ে পড়তে পারে আগুনে সৌররশ্মিরা। কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। দুই মেরুতে ঘনঘন উজ্জ্বল হয়ে উঠবে মেরুজ্যোতি। পৃথিবীতে হামলা চালাতে পারে সূর্যের প্লাজমা থেকে আসা ‘করোনাল মাস ইজেকশান (সিএমই)’-ও।
কিছুদিন আগেই ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) জানিয়েছিল, সূর্যের পরিমণ্ডলে একটি ছিদ্র লক্ষ্য করা গেছে। সেই ফাটল পথেই প্রবল বেগে সৌরবায়ু ছিটকে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এর প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে। সৌরপদার্থবিজ্ঞানীরা বলেন, অসম্ভব শক্তিশালী সৌরকণারা যদি কোনওভাবে পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসে তাহলে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি শুরু হবে। সৌরকণাদের সম্মিলিত শক্তি যদি বেশি হয়, তাহলে পৃথিবীর রেডিও বা টেলি যোগাযোগ ব্যবস্থাকে তছনছ করে দিতে পারে।

পড়লে পৃথিবীতে কী কী প্রভাব পড়বে?
প্রোটন ও ইলেকট্রনের সমন্বয় এই সৌরবায়ু প্রবল গতিবেগে ছিটকে বেরিয়ে আসে সূর্যের প্লাজমা থেকে। এর গতি সেকেন্ডে প্রায় ৯০০ কিলোমিটার। তাপমাত্রা প্রায় ১০ লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেকার শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ও আয়নগুলো পৃথিবীর টেলিযোগাযোগ ব্যবস্থা ও জিপিএস নেটওয়ার্ককে তছনছ করে দিতে পারে। সৌরঝড় (সোলার স্টর্ম) যার দ্বারা স্যাটেলাইটগুলো আক্রান্ত হয় ও টেলি যোগাযোগে বড় ব্যাঘাত ঘটায়। পাশাপাশি, বিশ্বের তাপমাত্রা বাড়ানোর জন্যও দায়ী এই সৌরবায়ু, সৌরঝড় এবং সৌর বিকিরণ।
বিজ্ঞানীরা বলছেন, সৌরঝড় যদি দুরন্ত বেগে ধেয়ে আসে এবং এর মধ্যেকার তড়িদাহত কণার স্রোত যদি বেশি থাকে তাহলে পৃথিবীর চৌম্বকক্ষেত্রেও ক্ষত হতে পারে। চাঁদকে পুরোপুরি সুরক্ষা দিতে পারে না। এমনকি সৌরঝড়ের যদি প্রচন্ড শক্তিশালী হয় তাহলে এর আঘাতে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের আকার, গঠনও বদলে যেতে পারে। যদি পৃথিবীর চৌম্বকক্ষেত্রের আস্তরণ না থাকত তাহলে এই শক্তিশালী সৌরঝড়ের প্রভাবে বিচ্ছিন্ন হয়ে যেত রেডিও ও টেলি যোগাযোগ, সম্পর্ক ছিন্ন হত স্যাটেলাইটের সঙ্গে, অকেজো হয়ে যেত বিমানের সেন্সর, বদলে যেত আবহাওয়ার প্রকৃতি। তবে পৃথিবীর শক্তিশালী চৌম্বকক্ষেত্র বারবারই আটকে দেয় সৌরকণাদের। এবারেও হয়ত পৃথিবীর বর্মই লড়াই করবে সৌরঝড়ের সঙ্গে।