
শেষ আপডেট: 5 April 2023 10:11
দ্য ওয়াল ব্যুরো: কর্পোরেট সংস্থায় চাকরি করেন যাঁরা, তাঁরা প্রত্যেকেই জানেন, ছুটি পাওয়া কত কঠিন। শারীরিক অসুস্থতার ক্ষেত্রে ছুটি পাওয়া গেলেও তা মঞ্জুর হওয়ার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন, হাসপাতালের বিল ইত্যাদি প্রমাণ হিসেবে দাখিল করতে হয়। সম্প্রতি চিনের একটি কর্পোরেট সংস্থার এক কর্মী পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য ছুটি চেয়েছিলেন অফিসে। কিন্তু তাঁর বস ওই কর্মীকে বিশ্বাস করতে পারেননি। তাই প্রমাণ হিসেবে তিনি ওই কর্মীকে সমাধিস্থলের ছবি তুলে পাঠাতে বলেন (Boss Demands Gravestone Pic)।
ঘটনাটি ঘটেছে হংকংয়ে (Hong Kong)। জানা গেছে, সম্প্রতি চিং মিং উৎসবে অংশ নেওয়ার জন্য সেখানকার একটি সংস্থার এক কর্মী ১২ দিনের জন্য ছুটির আবেদন করেন। চিং মিং উৎসবের মাধ্যমে প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন চিনের মানুষজন। তাঁরা পিতৃপুরুষের সমাধিস্থলে গিয়ে তা ঝাঁট দিয়ে পরিষ্কার করেন, তারপর সেখানে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়। সেই উৎসবে অংশ নেওয়ার জন্যই ছুটি চেয়েছিলেন ওই কর্মী। কিন্তু তাঁকে অবাক করে দিয়ে ছুটির আগের দিন তাঁর বস জানান, সত্যিই তিনি চিং মিং উৎসবে অংশ নিচ্ছেন কিনা তার প্রমাণ দিতে হবে। তার জন্য সমাধিস্থলের ছবি পাঠাতে হবে।
একটি ফেসবুক পোস্টে পুরো ঘটনাটি শেয়ার করেন ওই কর্মী। তিনি লেখেন, 'হংকংয়ের বসরা ক্রমশ পাগল হয়ে যাচ্ছে, আর আমাকেও পাগল করে দিচ্ছে।' তাঁর বস তাঁকে জিজ্ঞেস করেন, 'সত্যিই কি পূর্বপুরুষদের শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য ১২ দিন ছুটি লাগবে আপনার?'
ওই যুবকের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁর প্রতি সহানুভূতি দেখিয়েছেন। কেউ কেউ তাঁকে ওই চাকরি ছেড়ে দিয়ে অন্যত্র চাকরি খুঁজতেও উপদেশ দিয়েছেন।
প্রসঙ্গত, চিং মিং উৎসব চিনে প্রতি বছর পালিত হলেও করোনা অতিমহামারীর জন্য গত ৩ বছর বন্ধ ছিল তা। এই বছর ফের নতুন করে চালু হয়েছে সেই উৎসব।
পাটুলিতেও দক্ষিণেশ্বরের আদলে স্থাপত্য, মুসলিম শিল্পীর হাতেই রূপ পাচ্ছে মা ভবতারিণীর মন্দির