
শেষ আপডেট: 26 September 2023 09:39
দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিককালে যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার পর নজরদারি ক্যামেরা বসানো হয়েছে হস্টেল সহ ইউনিভার্সিটির একাধিক জায়গায়। যদিও পড়ুয়াদের একাংশ গোপনীয়তা ভঙ্গের আশঙ্কায় তার বিরোধিতা করেছিল। নজরদারি ক্যামেরায় সত্যিই গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয় কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও সম্প্রতি এক হারিয়ে যাওয়া অভিযাত্রীকে খুঁজে পাওয়া গেছে এই ক্যামেরার কল্যাণেই (lost hiker found)। যদিও সেই ক্যামেরা বসানো হয়েছিল সম্পূর্ণ অন্য কারণে। মেরু ভালুকের উপর নজরদারি করার জন্য বসানো ক্যামেরার (camera for monitoring bears) দৌলতেই প্রাণ রক্ষা পেয়েছে ওই অভিযাত্রীর।
ঘটনাটি আলাস্কার (Alaska)। সেখানকার কাটমাই ন্যাশনাল পার্কে (Katmai National Park) ঘুরতে গিয়ে গত সপ্তাহে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক অভিযাত্রী। ভয়ঙ্কর ঠান্ডা, ঝোড়ো হাওয়া-সব মিলিয়েই পথ হারিয়েছিলেন তিনি। উদভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরতে ঘুরতেই হঠাৎ তাঁর চোখে পড়ে গিয়েছিল একটি সারভাইলেন্স ক্যামেরা। তিনি বুঝতে পারেন, ওই দুর্গম এলাকা থেকে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করার একমাত্র উপায় এই ক্যামেরাটিই। সেই ক্যামেরায় তখন লাইভ স্ট্রিমিং চলছিল। সেখানেই এসে তাঁকে উদ্ধার করার জন্য সাহায্য চান তিনি।
গুডনেস মুভমেন্ট নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে পুরো ঘটনাটি। ক্যাপশনে লেখা, সৌভাগ্যবশত সেই সময় ৬ জন সেই লাইভ স্ট্রিমিং দেখছিলেন। সঙ্গে সঙ্গে তাঁরাই ন্যাশনাল পার্ক সার্ভিসকে বিষয়টির কথা জানান। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অভিযাত্রীকে ডাম্পলিং মাউন্টেনে ক্যামেরার কাছে দেখা গিয়েছিল। থাম্বস ডাউন সঙ্কেত দেখিয়ে সাহায্য চাইছিলেন তিনি। যাঁরা লাইভস্ট্রিম দেখছিলেন, তাঁরা পার্ক কর্তৃপক্ষকে সেকথা জানানোর পরেই উদ্ধারকারী দল পাঠানো হয়। ঠান্ডায় একেবারে কাবু হয়ে পড়েছিলেন তিনি। তবে তাছাড়া ঠিকই ছিলেন।
একজন লিখেছেন, 'এটাই হল সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিক। ওঁকে উদ্ধার করার জন্য সকলকে ধন্যবাদ! অত্যন্ত খুশি হয়েছি যে উনি ঠিক আছেন!'
'বিজ্ঞান ও প্রযুক্তি প্রত্যেক দিনই অবাক করে দেয়। উনি যে রক্ষা পেয়েছেন, এর চেয়ে ভাল আর কিছু হতে পারে না,' মন্তব্য দ্বিতীয় একজনের।
এই শহরের বাতাস পৃথিবীর মধ্যে বিশুদ্ধতম! বোতলবন্দি হাওয়া কিনে প্রাণ ভরে শ্বাস নিচ্ছেন মানুষ