
শেষ আপডেট: 1 August 2022 17:12
দ্য ওয়াল ব্যুরো: ১০ থেকে ২০০০ টাকা পর্যন্ত নোট চালু আছে দেশে। একসময় পাঁচ টাকা, দু’টাকা এমনকি এক টাকার নোটও চলত। কিন্তু শূন্য? শূন্য টাকার নোট (Zero Rupee Note) হয় নাকি? কখনও দেখেছেন সেই নোট?
এদেশেই কিন্তু শূন্য টাকার নোট ছাপা হয়েছিল একসময়। সেই নোট ছাপার পিছনে বিশেষ উদ্দেশ্য ছিল। এখনও শূন্য টাকার নোট বহাল তবিয়তে রয়েছে ভারতে (Indian Currency)।
অভিনব এই নোটটি ছাপা হয়েছিল ফিফথ পিলার নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে। চেন্নাইয়ের এই এনজিও ২০০৭ সালে শূন্য টাকার নোট ছেপেছিল। প্রধান উদ্দেশ্য ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই।

তামিল, হিন্দি, মালয়ালম, তেলেগু এবং কন্নড় ভাষায় শূন্য টাকার নোট ছাপা হয়েছিল। তারপর ফিফথ পিলারের ভলান্টিয়াররা নোটগুলি রেলস্টেশন, বাসস্টপ থেকে শুরু করে দোকান-বাজার বিভিন্ন এলাকায় বিলিয়ে দিয়েছিলেন। এই নোটের মাধ্যমে তাঁরা ঘুষ না নেওয়ার বার্তা দিয়েছিলেন। বলা হয়েছিল, কখনও কেউ ঘুষ দিতে চাইলে বা কাউকে ঘুষ নিতে দেখলে এই নোট সেই ব্যক্তির হাতে ধরিয়ে দিতে হবে।

চাইলে ফিফথ পিলারের ওয়েবসাইট থেকে শূন্য টাকার নোট আপনিও ডাউনলোড করে নিতে পারেন। তবে এই নোটকে রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা কোনও স্বীকৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুন: ৫জি-র নিলামে শেষ হাসি আম্বানিরই, ৮৮ হাজার কোটির বরাত পেল জিও