
শেষ আপডেট: 11 May 2023 06:56
দ্য ওয়াল ব্যুরো: যত দিন যাচ্ছে, ততই বিস্মিত হওয়ার পরিসর ক্রমশ ছোট হয়ে আসছে। নতুন কিছু করার তাগিদ এখন এতই তীব্র যে প্রায় প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত খবর পাওয়া প্রায় রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই নতুনত্বের জন্য কেউ পাহাড় থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছে, কেউ সমুদ্র স্নানের পোশাক পরে মেট্রোয় সওয়ারি হচ্ছে। সেরকমই আর এক নতুনের (Instagram influencer shows new stunt) খোঁজ দিলেন ফ্লোরিডার ম্যাককেন্না নাইপ।
পেশায় একজন ইন্টারনেট ইনফ্লুয়েন্সার এবং ভিডিও ক্রিয়েটর এই ম্যাককেন্না নাইপ। তিনি ভালোবাসেন স্কাই ডাইভিং, ভালোবাসেন সাজতে। এবার তিনি তাঁর দুই ভালোবাসাকে মিলিয়ে দিয়ে তাক লাগিয়ে দিলেন। স্কাই ডাইভিং করতে করতে মেকআপ (new stunt does makeup while skydiving) করে নিলেন নাইপ! এমন দুঃসাহস দেখানোর আগে অনেকেই ভাববেন। যদিও ম্যাককেন্না নাইপ বিশেষ ভাবনাচিন্তার ধার ধারেন না। স্কাই ডাইভিং তাঁর কাছে জলভাত। এবার শূন্যে ঝুলেই নিজের মেকআপ নিজেই করলেন তিনি। তাঁর এই ভিডিও দেখে চোখ কপালে উঠেছে অনেকেরই।
তাঁর এই মেকআপের ভিডিওতে দেখা যাচ্ছে সাদা পোশাক পরে তিনি ঝুলে আছেন প্যারাস্যুট থেকে। সেই অবস্থাতেই তিনি মুখে পরপর মেখে চলেছেন ফাউন্ডেশন থেকে কনসিলার এই ধরনের নানা রকম সাজের সামগ্রী। ভিডিওর ক্যাপশনে লেখা, 'ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ দেখাতে আপনি ১০,০০০ ফিট উচ্চতাতেও স্কিনকেয়ার রুটিন মানতে পারেন।'
ইনস্টাগ্রামে এক লক্ষ ৩৩ হাজার মানুষ নিয়মিত ফলো করেন ম্যাককেন্না নাইপকে। এর আগে স্কাই ডাইভিং করতে করতে পিৎজা থেকে পানীয় নানারকম খাবার খেতেও তাঁকে দেখেছেন অনেকেই। তাঁর এই ভিডিও দেখতে মুখিয়ে থাকেন তাঁর অনুরাগীরা।
জিভে চুল গজিয়েছে মহিলার! অ্যান্টিবায়োটিকের সাইড এফেক্টে মারাত্মক সংক্রমণ