
এই ট্রেনের থিম হচ্ছে কর্নাটকের প্রাচীন ও গৌরবান্বিত ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরা।
শেষ আপডেট: 22 November 2024 17:53
দ্য ওয়াল ব্যুরো: ভাবা যায়! চলন্ত ট্রেনে স্পা করছেন, কিংবা জিম! সেই অসম্ভবকেই সম্ভব করে তুলছে ভারতীয় রেল। রেল কর্তৃপক্ষ এবং আইআরসিটিসির সাততারা হোটেলের এই ট্রেনের চাকা শীঘ্রই গড়াতে চলেছে। যে ট্রেনে থাকবে স্পা, জিম এমনকী ওয়াইন অথবা বিয়ারের কাউন্টার।
ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি দিনে চলবে এই সাততারা ট্রেন। যার বুকিং শুরু হয়ে গিয়েছে। গোটা সফরটি পাঁচ রাত, ছয় দিনের। সরকারিভাবে এই ট্রেনের নাম রাখা হয়েছে স্বর্ণরথ বিলাসবহুল ট্রেন। যা রেলপথে খুব শীঘ্রই গড়াতে চলেছে। এই ট্রেনের থিম হচ্ছে কর্নাটকের প্রাচীন ও গৌরবান্বিত ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরা।
ডিসেম্বরের ১৪ তারিখ থেকে চলবে স্বর্ণরথ ট্রেনটি। এই ট্রেনে থাকছে ১৩টি দ্বিশয্যার কেবিন, ২৬টি টুইন-বেড কেবিন এবং একটি দিব্যাঙ্গ কেবিন। মোট ৪০টি কেবিনে ৮০ জন যাত্রী সফর করতে পারবেন। প্রতিটি বিলাসবহুল কেবিনে থাকছে এসি, ওয়াইফাই। যাত্রীরা যাতে রাজকীয় আরাম-বৈভব উপভোগ করতে পারেন তার জন্য প্রতিটি কেবিনে থাকছে দামি আসবাব, যাবতীয় আধুনিক সুবিধাযুক্ত স্নানঘর, আরামদায়ক বিছানা, টিভি। যাতে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম দেখা যাবে। এছাড়াও ট্রেনে একটি আধুনিক সালোঁ থাকবে।
খাবারদাবারের জন্যও থাকছে এলাহি ব্যবস্থা। ভারতীয় ও আন্তর্জাতিক খাদ্যতালিকার প্রায় সমস্ত খাবার পাওয়া যাবে। রুচি এবং নালাপাক নামে দুটি রেস্তরাঁ সেই খাবার সরবরাহের দায়িত্বে থাকছে। নিরামিষ-আমিষ দুধরনেরই খাবার পাওয়া যাবে। সেখানে বাসনপত্রও থাকবে পরিবেশমতো। এছাড়াও গলা ভেজানোর জন্য ব্রান্ডেড ওয়াইন, বিয়ার ও মদ পাওয়া যাবে চলন্ত পানশালায়।
স্পা থেরাপিসহ একটি আরোগ্য স্পায়ে নানান চিকিৎসা ও নিরাময়ের ব্যবস্থা থাকছে, একইভাবে থাকবে একটি হাইটেক জিম। ট্রেনের সর্বত্র থাকবে অসংখ্য সিসিটিভির নজর। এবং অবশ্যই ফায়ার অ্যালার্মের ব্যবস্থা।
পাঁচ রাত, ছয় দিনের এই সফরে খরচ পড়বে ৪ লক্ষ ৫৩০ টাকা, তার সঙ্গে ৫ শতাংশ জিএসটি। এই ভাড়ার মধ্যেই থাকছে ট্রেন ভাড়া, খাবার, মদ, গাইড এবং আরও। কর্নাটকের গর্ব এই ট্রেনটি চলাচল করবে বেঙ্গালুরু থেকে বন্দিপুর, মহিশূর, হ্যালেবিডু, চিকম্যাঙ্গালুরু, হাম্পি, গোয়া হয়ে বেঙ্গালুরু ফিরবে। জেমস অফ সাউথ নামে ট্রেনটি বেঙ্গালুরু থেকে যাত্রা করে মহিশূর, কাঞ্চিপুরম, মহাবলিপুরম, তাঞ্জাভুর, চেট্টিনাড়, কোচিন, চেরথালা হয়ে বেঙ্গালুরু ফিরবে। ট্রেন ছাড়বে ১৪ ডিসেম্বর, ২১ ডিসেম্বর, ৪ জানুয়ারি, ২০২৫, ১ ফেব্রুয়ারি, ১৫ ফেব্রুয়ারি ও ১ মার্চ।