
শেষ আপডেট: 17 August 2022 13:24
দ্য ওয়াল ব্যুরো: খিদে (Hungry) পেয়েছিল খুবই। তাই নামী খাবারের দোকানে অনলাইনে অর্ডার (Order) দিয়ে স্যান্ডউইচ (sandwich) আনিয়েছিলেন তিনি। কিন্তু খেতে গিয়ে সেই স্যান্ডউইচের ভিতর থেকে যা বেরোল, তাতে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় ব্রিটেনের এক মহিলার। সাবওয়ের (Subway) সেই স্যান্ডউইচের মধ্যে ছিল আস্ত একটি ছুরি (Knife)!
সাফোকের লোয়েসটফ্টের বাসিন্দা নেরিস ময়েজ ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা (Pregnant)। ২১ বছর বয়সী নেরিস দুপুরের খাবার (Lunch) হিসাবে সাবওয়ে থেকে একটি স্যান্ডউইচ অর্ডার করেছিলেন। খাবার আসার পর তাতে কামড় বসাতে গিয়েই নেরিস খেয়াল করেন, স্যান্ডউইচের মধ্যে থেকে উঁকি দিচ্ছে হলুদ রঙের কোনও বস্তু। ভাল করে দেখতে গিয়েই চক্ষু চড়কগাছ নেরিস ও তাঁর সঙ্গীর! তাঁরা দেখেন, খাবারের মধ্যে রয়ে গেছে গোটা একখানা ছুরি, যার হলুদ রঙের হ্যান্ডলটিই শুরুতে চোখে পড়েছিল তাঁদের।

পুরো ঘটনাটির ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন নেরিস। একই সঙ্গে অত্যন্ত ক্রুদ্ধ এবং আশ্বস্ত হয়েছেন তিনি। আশ্বস্ত হয়েছেন এই ভেবে, যে, ছুরি-সহ খাবারটি কোনও শিশু কিংবা কিশোর-কিশোরীর কাছে না গিয়ে তাঁর কাছে এসেছে। খাদ্য প্রস্তুতকারী সংস্থাটির কাছ থেকে নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন তিনি।
ঘটনা জানতে পেরেই সঙ্গে সঙ্গে নেরিসের কাছে ক্ষমা চেয়েছে সংস্থাটি। সংস্থার তরফে জানানো হয়েছে, 'আমাদের সমস্ত অতিথিদের স্বাস্থ্য ও সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকরা সর্বোচ্চ খাদ্য সুরক্ষা বজায় রেখে অতিথিদের মনের মতো খাবার পরিবেশন করবেন বলেই আমরা আশা রাখি।'
উক্ত ফ্র্যাঞ্চাইজিটিও নেরিসের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে বলে জানা গেছে।