
শেষ আপডেট: 7 March 2023 12:44
দ্য ওয়াল ব্যুরো: দোল মানে রঙের উৎসব। আর রং মানে কেবল আবির তো নয়। যারা দোল বা হোলি(holi) খেলতে ভালোবাসেন, যারা চুটিয়ে বাঁদুরে রং খেলেন, তারা জানেন, ছোট্ট কৌটোয় ভরা রং যেন আক্ষরিক অর্থেই রংবাজি, যার হাত থেকে নিস্তার পেতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়। একটা লাল তো একটা সিলভার কিংবা সোনালি। ফাটিয়ে রং খেলে ভীষণ মজা করেন নিশ্চয়! এবার আসল কাজ। সেই রংটা তুলবেন (remove colour) কিভাবে!
রং খেলার আগেই তা তোলার জন্য কয়েকটা টোটকা জানা কিন্তু খুব জরুরি। হাতে পায়ে তেল মেখে, মুখে ময়েশ্চারাইজার মেখে তবেই রং খেলুন। চুলে আবির বা রং যাই লাগুক না কেন, চুল রুক্ষ হবেই। তাই খেলার আগে সম্ভব হলে চুলে কিছু বেঁধে রাখুন। আর চোখ বাঁচাতে প্রয়োজন অবশ্যই একটা সানগ্লাস।
মুখ থেকে রং তুলতে ডিপ ক্লিনজিং ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। এটা দিয়ে ভালো করে মুখ ধুয়ে, ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। না উঠলে একটু তুলো ভিজিয়ে আলতো করে ঘষুন। রং উঠে যাবে।
দোল বা হোলি খেলার পর অকারণ গা-হাত-পা কিংবা মুখ অতিরিক্ত ঘষবেন না। এতে ত্বকের (skin) ক্ষতি হয়। হয়তো একবারেই পুরো রঙ উঠবে না। তা সত্ত্বেও বেশি স্ক্রাব করবার দরকার নেই। বরং সাধারণ সাবান বা বডিওয়াশ দিয়ে স্নান করুন। তারপর তেল মেখে তোয়ালে দিয়ে ভাল করে গা মুছে নিন। এতে আপনার ত্বক যেমন ভাল থাকবে, তেমনই গায়ের রংও উঠে যাবে।
গুপ্ত বৃন্দাবন বিষ্ণুপুরে ঐতিহ্যের দোলে সামিল শহরের মানুষ, রঙিন হল পোড়ামাটির হাট