
শেষ আপডেট: 21 December 2023 23:49
দ্য ওয়াল ব্যুরো: শীতের সন্ধেয় গরম গরম চায়ে চুমুক দিয়ে যদি মিষ্টি রসগোল্লা টুপ করে মুখে পড়ে তাহলে কেমন লাগবে? নরম রসগোল্লায় কামড় দিয়েই গরম চায়ে চুমুক দেওয়া যাবে। ভাবছেন তো সবটাই হ জ ব র ল? তা নয়, গরম চায়ে এবার সত্যিই রসগোল্লার স্বাদ পাওয়া যাবে। এক ভাঁড় গরম চায়ে যখন নরম রসগোল্লা মিশিয়ে খাবেন তখন মনে হয় বাঙালির দুই আবেগ যেন মাখামাখি হয়ে গেছে।
রসগোল্লার চা বা গরম চায়ে রসগোল্লা—নাম যাই হোক না কেন বাংলা শুধু নয় ভিন রাজ্যেও চায়ের কাপে তুফান তুলেছে বাঙালির রসগোল্লা। মোদ্দা কথা, রসগোল্লা এবং চায়ের যুগলবন্দি। আর তা জমবে না, হয় কখনও!
আর চা বাঙালির কাছে বরাবর 'হট ফেভারিট'। আর রসগোল্লা হল বাঙালির আবেগ। এই মিষ্টি বাংলার মজ্জায় মিশে আছে। কলকাতায় এসে মিষ্টি দই আর রসগোল্লা চাখবে না, এমন মানুষ কমই আছে। এমনিতেও এখন চা নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট চলছে। কেসর চা, পেস্তা চা, তন্দুরি চা আরও কত কী! তবে রসগোল্লা মেশানো চা মনে হয় এই প্রথম।
View this post on Instagram
‘মোয়ে মোয়ে রসগুল্লা চা’.. সুরাটের একজন ফুড ব্লগার আশিষ আগরওয়াল ইনস্টাগ্রামে রসগোল্লা চায়ের ভিডিও পোস্ট করেছেন। আশিষ বলছেন তিনিও চেখে দেখেছেন রসগোল্লা চা, তারপরই ক্যাপশনে লিখেছেন ‘মোয়ে মোয়ে রসগুল্লা চা’। তাঁর নেহাত মন্দ লাগেনি ব্যাপারটা। কাচের গ্লাসে গরম চা ঢেলে তার মধ্যে টুপ করে ফেলে দেওয়া হচ্ছে নরম রসগোল্লা। গরম চায়ে নরম রসগোল্লা মিশে গিয়ে স্বাদকোরকে তুফান তুলছে। বেশ অন্যরকম স্বাদ। এমন ফিউশন সবার চেখে দেখা উচিত বলেও লিখেছেন আশিষ।
তবে সত্যিই রসগোল্লা চা কি বাঙালির মনে ধরবে? জলপাইগুড়িতেও কিছুদিন আগে এই রসগোল্লার চা নিয়ে বেশ হইচই হয়েছিল। অনেকেই বলেছিলেন, তাঁদের দারুণ লেগেছে এমন ফিউশন। কনকনে শীতে গরম ধোঁয়া ওঠা চা আর রসগোল্লা যদি একই সঙ্গে পাওয়া যায় তাহলে ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যায়। তবে অনেকের আবার এমন অদ্ভুত ফিউশন মোটেও পছন্দ হয়নি। আশিষ আগরওয়ালের ইনস্টা পোস্টেই অনেকে কমেন্ট করে গেছেন, ‘চা আর রসগোল্লা দুইই নষ্ট হয়েছে।’ কেউ বলেছেন, কিছু ফিউশন একেবারেই ভাল নয়, চায়ের মধ্যে রসগোল্লা অনেকটা পিৎজার উপর চকোলেটের টপিংয়ের মতো, যা একেবারেই যায় না। একজন তো আবার কৌতুক করে লিখেছেন, চা ও রসগোল্লা দুজনেই সঠিক বিচার চাইছে! একজন লিখেছেন, আসলে ব্যাপারটা চাইগুল্লা হয়ে গেছে, আর বাঙালি এমন চাইগুল্লা মোটেও পছন্দ করবে না।