
শেষ আপডেট: 27 September 2023 13:34
দ্য ওয়াল ব্যুরো: দাবা খেলতে তো অনেকেই পছন্দ করেন। আবার কারও কাছে দাবা বেশ কঠিন খেলা। কিন্তু চোখ বন্ধ করে কখনও দাবার ঘুঁটি সাজাতে দেখেছেন (blindfolded chessboard)? হ্যাঁ, এমনই বিস্ময় তৈরি করেছে ১০ বছরের এক কিশোরী। অসাধ্য সাধনে গড়েছে বিশ্বরেকর্ড (Guinness World Record)।
দুনিয়ায় প্রতিনিয়তই ঘটে চলেছে হরেক ঘটনা। যার মধ্যে বিস্ময়কর কিছু কীর্তির জন্য অনেক মানুষই তৈরি করেন ইতিহাস। নাম তোলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। কারও কঠোর পরিশ্রম, আবার কারও দীর্ঘ অধ্যাবসায়তেই মেলে স্বীকৃতি। সেইসব মানুষের মধ্যেই কয়েকজন আবার বেশ অবাক করে দেন সকলকে। আর সেই তালিকায় এবার নাম জুড়েছে মালয়েশিয়ার এক কিশোরীর।
পুনিথামালার রাজশেখর (Punithamalar Rajashekar) ছোটবেলা থেকেই দাবা খেলতে ভালোবাসে। তবে আর পাঁচজনের চেয়ে ছোট্ট মেয়েটির দাবার ঘুঁটি সাজানোর এক বিশেষ ক্ষমতা রয়েছে। চোখ বেঁধেই দিব্যি ঘুঁটি সাজাতে পারে ওই কিশোরী। মাত্র ৪৫.৭২ সেকেন্ডে দাবার বোর্ড সাজিয়ে নিজের নাম উজ্জ্বল করেছে পুনিথামালার।
বাবার কাছেই দাবা খেলায় হাতেখড়ি পুনিথামালারের। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রতিনিধিদের কিশোরী জানিয়েছে, বাবার সঙ্গে প্রতিদিন দাবা খেলত সে। বিশ্বরেকর্ড তার জীবনে গভীর প্রভাব ফেলেছে বলে জানিয়েছে পুনিথামালার। আসলে মানুষের অসাধারণ কৃতিত্বের বিষয়ে একটি তথ্যচিত্র দেখার পরই সে বিশ্বরেকর্ডের স্বপ্ন দেখে। এরপর একে একে অংশ নেয় 'কিডস গট ট্যালেন্ট'-র মতো বিভিন্ন অনুষ্ঠানে। কিশোরী স্বপ্নপূরণে পাশে পেয়েছিল তার পরিবারকেও। পঞ্চম শ্রেণির ছাত্রী পুনিথামালারের অঙ্কে আগ্রহ রয়েছে। ভবিষ্যতে বিজ্ঞানী হতে চায় সে।
পার্ক স্ট্রিটের কুইন্স মেনসনের কথা কি মানুষ ভুলে গেছে! দখলদারি নিয়ে কড়া নির্দেশ আদালতের