
শেষ আপডেট: 19 March 2023 15:47
দ্য ওয়াল ব্যুরো: মিষ্টি কে না ভালবাসে। শেষ পাতে ডেজার্ট (dessert) না থাকলে মন ভরে না অনেকেরই। কিন্তু সেই মিষ্টি যদি মেঘের (floating dessert) মতো ভাসতে থাকে বাতাসে! ঠিক এমনই এক মিষ্টি তৈরি করে চমকে দিয়েছেন স্পেনের এক রাঁধুনি (Spanish chef)।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ভাসমান মিষ্টির একটি ভিডিও ভাইরাল (viral video) হয়েছে। এখানে দেখা যাচ্ছে স্পেনের একটি রেস্তোরাঁয় অতিথিদের পরিবেশন করা হচ্ছে এই মিষ্টি। বুদবুদের মতো দেখতে এই মিষ্টি যে মুহূর্তে খাওয়ার জন্য কাটা হচ্ছে চামচ দিয়ে, তখনই বাতাসে উড়ে যাচ্ছে মিষ্টির টুকরোটি। রাঁধুনি তখন সেই টুকরো আবার নিজস্ব কায়দায় ফিরিয়ে আনছেন অতিথির পাতে।
দেখুন ভিডিওটি
ইতিমধ্যেই ২ কোটি মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। পাশাপাশি, কমেন্টের বন্যাও বয়ে গিয়েছে ভিডিওটিতে। অনেকেই ছোটবেলায় সাবান দিয়ে তৈরি বুদবুদের কথা উল্লেখ করেছেন এই মিষ্টিটি দেখে।
মজার ছলে এক মন্তব্যকারীর বক্তব্য, 'মেঘ থেকে বৃষ্টি হয় জানতাম, তার স্বাদ যে মিষ্টি তা জানা ছিল না'। ভাসমান মিষ্টির এই ভিডিও কোনও সাহিত্যপ্রেমী বাঙালির চোখে পড়লে তাঁর নিশ্চয়ই মনে পড়বে সুকুমার রায়-এর সেই বিখ্যাত পংক্তি, 'টকটক থাকে না কো হলে পরে বিষ্টি, তখন দেখেছি চেটে একেবারে মিষ্টি'...
সবমিলিয়ে 'ভাসমান মিষ্টি'র স্বাদ চোখে দেখেই চেখে নিয়েছেন অনেকেই।
মাঝরাত্রে ছুরির কোপে খুন আইসক্রিম বিক্রেতা! দুই নাবালককে আটক করল পুলিশ