
শেষ আপডেট: 15 July 2022 07:19
দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রে মাছ ধরতে নেমেছিলেন একদল মৎসজীবী (Fishermen)। কিন্তু জালে যা উঠল, তা দেখে চোখ কপালে উঠেছে তাঁদের! শুধু তাঁদেরই বা কেন, বিস্মিত নেটিজেনরাও। তবে অনেকে আবার ভয়ও পাচ্ছেন। কেন? আসলে মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে ১৬ ফুট (16 Feet) লম্বা অতিকায় চেহারার এক মাছ (fish), যাকে বড় কোনও দুর্ঘটনার পূর্বাভাস হিসাবে দেখা হয়।
ঘটনাটি ঘটেছে চিলিতে। জালে ধরা পড়ার পর দানবাকার মাছটিকে একটি ক্রেনের সাহায্যে ডাঙায় এনে ফেলা হয়। সেই ঘটনারই ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ইতিমধ্যেই ১০ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। জানা গেছে, মাছটি ওই অঞ্চলে ওরফিশ (Oarfish) নামে পরিচিত। মেপে দেখা গেছে, মাছটি ৫ মিটারেরও (১৬ ফুট) বেশি লম্বা।
তবে মাছটির পরিচয় জানার পর অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় বিশ্বাস অনুসারে ওরফিশ সুনামি কিংবা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস বয়ে আনে। সাধারণত গভীর সমুদ্রে থাকে এই মাছ। কিন্তু সমুদ্রের উপরে উঠে আসার অর্থ হল, কোনও প্রাকৃতিক বিপর্যয় ঘটতে চলেছে। সমুদ্রের তলায় থাকা টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে গভীর জলের মাছ অনেক সময় জলের উপরে ভেসে ওঠে। আর এই টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলেই ধেয়ে আসে সুনামি। যদিও বৈজ্ঞানিকরা কখনওই এর সত্যতা স্বীকার করেননি।
জানা গেছে, ১১ মিটার পর্যন্ত লম্বা হতে পারে ওরফিশ। সাধারণত গভীর জলে থাকলেও অসুস্থ হলে, মৃত্যুর সময় এবং প্রজননের সময় জলে ভেসে ওঠে এরা। এই মাছটি কী কারণে সমুদ্রের উপরে উঠে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রথম জীবনে ছিলেন বামন, পরে উচ্চতা বেড়ে প্রায় ৮ ফুট! অ্যাডামের আশ্চর্য রূপান্তরে বিস্মিত দুনিয়া