
টয়লেট পেপারে লিখে রেজিগনেশন কর্মীর
শেষ আপডেট: 15 April 2025 17:49
দ্য ওয়াল ব্যুরো: টয়লেট পেপারে লিখলেন ইস্তফা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক কর্মীর ইস্তফাপত্র (Employee resigning on a toilet paper)। তাঁর অফিস তাঁকে যেভাবে ব্যবহার করে ছুড়ে ফেলেছে, নিজেকে টয়লেট পেপারের মতই মনে হয়েছে ওই কর্মীর, উঠেছে এই অভিযোগ। সিঙ্গাপুরের এক সংস্থার ডিরেক্টর এই পোস্ট শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
সিঙ্গাপুরের সংস্থার ডিরেক্টর অ্যাঞ্জেলা ইয়েহো শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে, এক টুকরো টয়লেট পেপারে লেখা রয়েছে, 'আমার সংস্থা আমার সঙ্গে ঠিক কী রকম ব্যবহার করেছে তা বোঝাতে ইস্তফার জন্য এই পেপার বেছে নিয়েছি। আমি ইস্তফা দিচ্ছি।' যদিও এই নোটটি জমা দেওয়া হয়েছে নাকি তা যাচাই করা হয়নি।
অ্যাঞ্জেলা পোস্টটি শেয়ার করে লিখেছেন, 'আপনারা কর্মীদের সঙ্গে এমন ব্যবহার করুন যাতে তাঁরা চলে যাওয়ার সময় কৃতজ্ঞতাবোধ রাখতে পারে। এই ধরনের অভিজ্ঞতা কেবল আনুগত্যের কথা বলে না, এটি সংশ্লিষ্ট সংস্থার মর্যাদা বজায় রাখতে সাহায্য করে।'
তিনি আরও লেখেন, 'যদি কর্মীরা সংস্থায় কাজ করেও অবহেলিত বোধ করে তাহলে এখনই পরিস্থিতি পর্যবেক্ষণ করার সময়। কর্মীদের থেকে পাওয়া ছোট ছোট প্রশংসা সংস্থায় বড় প্রভাব ফেলতে পারে। তাই আজ থেকেই পরিবর্তন শুরু করুন।'
এই পোস্টে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহারকারীদের একাংশ প্রতিক্রিয়া দিয়েছেন। একজন লিখেছেন, 'অভিনব ইস্তফা। আমিও অনেকদিন আগে এমন কাজ করেছিলাম।' অন্য একজন লিখেছেন, 'কিছু কিছু সময় সংস্থার কারণে নয় মিডল ম্যানেজারের কারণে কর্মীরা কাজ ছাড়তে বাধ্য হয়।'