
শেষ আপডেট: 1 August 2022 10:21
দ্য ওয়াল ব্যুরো: পেটে তীব্র যন্ত্রণা (Stomach Pain) নিয়ে হাসপাতালে এসেছিলেন এক ব্যক্তি। দু'দিন ধরে এন্ডোস্কোপি (Endoscopy) করার পর তাঁর পেট থেকে যা বেরোল, তাতে চক্ষু চড়কগাছ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
রাজস্থানের যোধপুরের এমডিএম হাসপাতালের চিকিৎসকরা (Doctors) জানিয়েছেন, ওই রোগীর পেট থেকে পাওয়া গেছে ৬৩টি ১ টাকার কয়েন (63 one rupee coins)। জানা গেছে, পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে এসেছিলেন ওই ব্যক্তি। তাঁকে পরীক্ষা করে বোঝা যায়, ধাতব কিছু জিনিস রয়েছে তাঁর পাকস্থলীতে। পরে যখন তাঁরা বুঝতে পারেন, ওগুলো আসলে ধাতব মুদ্রা, দেরি না করেই এন্ডোস্কোপি করে সেগুলি বের করার সিদ্ধান্ত নেন তাঁরা।
হাসপাতালের গ্যাস্ট্রোএনটেরোলজির বিভাগীয় প্রধান চিকিৎসক নরেন্দ্র ভার্গব জানিয়েছেন, ৩৬ বছর বয়সি ওই রোগী বুধবার পেটে মারাত্মক ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। তিনি নিজেই জানান, ১০-১২টি কয়েন খেয়ে ফেলেছেন তিনি। তবে অস্ত্রোপচারের পর দেখা যায়, মোট ৬৩টি কয়েন গিলে ফেলেছিলেন তিনি। মানসিক অবসাদের জেরেই এমন আশ্চর্য কাণ্ড ঘটিয়েছেন ওই রোগী, দাবি চিকিৎসক ভার্গবের।
বুধবার ওই রোগীকে পরীক্ষা করার পর কয়েনগুলি বের করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বানানোর ব্যবস্থা করে চিকিৎসকদের একটি দল। তারপর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দু'দিন ধরে এক এক করে বের করা হয় কয়েনগুলি। ওই রোগী আপাতত সুস্থই আছেন। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে।
চিকিৎসক নরেন্দ্র ভার্গব জানিয়েছেন, কয়েন এবং এই জাতীয় বিভিন্ন জিনিস গিলে ফেলার প্রবণতা সাধারণত মানসিক অবসাদ থেকে আসে। এই ধরনের রোগীদের নিয়মিত কাউন্সেলিং প্রয়োজন, দাবি তাঁর। ওই রোগীর পরিবারের লোককে তিনি মনোবিদের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন নরেন্দ্র ভার্গব।
এই জেলে মহিলারক্ষীরা যৌনদাসী, জেলবন্দি আততায়ীদের দিয়ে বার বার ধর্ষণ করানো হয়