
ছবিটি প্রতীকী
শেষ আপডেট: 19 December 2024 20:10
দ্য ওয়াল ব্যুরো: হানিমুনের গন্তব্য নিয়ে মতবিরোধ। জামাইকে অ্যাসিড দিয়ে মারার চেষ্টা ব্যক্তির। ঘটনায় গুরুতর অসুস্থ যুবক। ভর্তি হাসপাতালে। অন্যদিকে পলাতক ব্যক্তি। ঘটনাটি মহারাষ্ট্রের থানের।
কিছুদিন আগেই ইবাদ আতিক ফালকে নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় জাকি গোলাম মোর্তাজা খোটাল নামের এক ব্যক্তির মেয়ের। তাঁদের হানিমুনের গন্তব্য নিয়ে শুরু হয় সমস্যা। আতিক ফালকে ঠিক করেন তাঁরা বিয়ের পর মধুচন্দ্রিমায় যাবেন কাশ্মীর। কিন্তু তাঁর শ্বশুর অর্থাৎ মোর্তাজা খোটাল চাইছিলেন তাঁরা কোনও ধর্মীয় জায়গায় যাক। এই নিয়ে বাকবিতণ্ডা হয়। তিনি দম্পতিকে কিছুতেই কাশ্মীর যেতে দিতে রাজি ছিলেন না। এর জন্য তিনি যে এমন কিছু করে বসবেন তা মোটেও ভাবতে পারেনি কেউ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে আতিক ফালকে বাড়ি ফেরেন এবং রাস্তায় গাড়ি পার্ক করেন। সেখানে নিজের গাড়িতে অপেক্ষা করছিলেন তাঁর শ্বশুর। তাঁকে দেখেই বেরিয়ে আসেন গাড়ি থেকে এবং তাঁর মুখে অ্যাসিড ছুড়ে মারেন। অ্যাসিড তাঁর মুখ-সহ শরীরের অন্যান্য অংশে লাগে। তড়িঘড়ি তাঁকে স্থানীয় লোকজন দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান। এদিকে ঘটনার পর থেকে পলাতক ওই ব্যক্তি।
তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪(১) ধারায় ও ৩৫১(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে। তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবিষয়ে আতিক ফালকের স্ত্রী অর্থাৎ অভিযুক্তের মেয়ের তরফে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।