
শেষ আপডেট: 15 August 2023 13:01
দ্য ওয়াল ব্যুরো: হ্যাকিং এখন সাইবার জগতে খুবই পরিচিত শব্দ। সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বলেন, তিন-চার দিন সাইবার ক্যাফেতে বসা ব্যক্তিও সাধারণ হ্যাকিং (Hacking) সম্পর্কে হাত পাকিয়ে ফেলেন। তবে সাইবার ক্রাইমের (Cyber Crime) রমরমার বাজারে প্রতারকরা প্রায়ই কোনও না কোনও নিত্য নতুন পন্থা (new approach) অবলম্বন করেছে। আপনি অজান্তেই প্রতারকদের পাতা ফাঁদে পা দিয়ে ফেলছেন।
হ্যাকাররা সাধারণত আপনার ব্যবহৃত ডিভাইসের মাইক্রোফোন, ক্যামেরা ইত্যাদিকে কাজে লাগিয়ে হ্যাক করে। কিন্তু আপনার ডিভাইসের মাইক্রোফোন হ্যাক করে কাছাকাছি থাকা অন্য ডিভাইসের কী-স্ট্রোক রেকর্ড করে সেই ডিভাইস হ্যাক করার ধারণা খুবই নতুন! শুনতে অবাক লাগলেও এমন কাণ্ডই ঘটছে।
ব্রিটেনের একদল গবেষক, তাঁদের গবেষণায় এই বিষয়টাই তুলে ধরেছেন। তাঁদের তৈরি করা একটি ডিপ-লার্নিং মডেল থেকে কী-স্ট্রোক বিশ্লেষণ করা সম্ভব। তাঁদের দাবি, ওই মডেলের মাধ্যমে কী-স্ট্রোক বিশ্লেষণ করে নিখুঁতভাবে তথ্য দিতে পারে। এই তথ্যের নির্ভুলতা প্রায় ৯৫ শতাংশ। ওই বিজ্ঞানীরা আরও দাবি করেছেন, ম্যাকবুক ও আইফোনের ক্ষেত্রে এই কী-স্ট্রোক হ্যাকিংয়ের নির্ভুলতা অন্যান্য ডিভাইসের থেকে অনেক বেশি।
এ কথা স্পষ্ট যে, হ্যাকারদের মধ্যে এই প্রবণতা বাড়তে থাকলে তা যেকোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে উঠতে পারে। আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, কথাবার্তা--- সংবেদনশীল সমস্ত তথ্য হ্যাকারদের হাতের মুঠোয় চলে যায়। আপনার কাজ করার পরিধির মধ্যে যদি পারিপার্শ্বিক শব্দ কম হয়, উচ্চমানের মাইক্রোফোন থাকে, তবে তা হ্যাকারদের জন্য আদর্শ।
প্রথমেই কীবোর্ডের কী-স্ট্রোক রেকর্ড করে। কারণ অ্যালগরিদম প্রশিক্ষণের জন্য হ্যাকারদের এই তথ্য প্রয়োজন। কোনও ডিভাইসের মাইক্রোফোনের মাধ্যমে যেমন কী-স্ট্রোক রেকর্ড করা যায়, তেমনই জুম ভিডিও কলিংয়ের মাধ্যমেও এই কাজ করে থাকে হ্যাকাররা। এরপরই রেকর্ড করা শব্দগুলিকে দৃশ্যমান করার জন্য বিশেষ প্রক্রিয়া অবলম্বন করে হ্যাকাররা।
আপনাকে আপনার টাইপিং স্টাইল পরিবর্তন করতে হবে। যাতে হ্যাকাররা আপনারা টাইপিং স্টাইল ধরতে না পারে, সেটাই নজর রাখতে হবে। এছাড়াও জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন। এতে কিছুটা বিপদ এড়ানো সম্ভব।
আপনি কিছু সফ্টওয়ার ব্যবহার করতে পারেন, যা কী-স্ট্রোকের শব্দ পরিবর্তন, হোয়াইট নয়েজ বা সব কী–স্ট্রোকের প্রায় একই ধরনের শব্দ তৈরি করতে পারে। আবার কিছু সফ্টওয়ার আছে, যা অডিও ফিল্টার করে।
এছাড়াও কোনও ডিভাইসে ঢুকতে গেলে, আপনি কী ওয়ার্ড পাসওয়ার্ড ব্যবহার না করে বায়োমেট্রিক পাসওয়ার্ড ব্যবহার করুন। এতে আপনার ডিভাইস হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়।
আরও পড়ুন: মোদীর ভাষণে ৬জি প্রসঙ্গ! ৫জি-র থেকে কোথায় আলাদা এই পরিষেবা