
শেষ আপডেট: 30 December 2022 10:56
দ্য ওয়াল ব্যুরো: তখনও তাঁদের বিয়ে হয়নি। বাগদানের সময় প্রেমিকার আঙুলে ভালবেসে হিরের আংটি পরিয়ে দিয়েছিলেন প্রেমিক। কিন্তু ভাগ্যের এমন পরিহাস, বিয়ের ঠিক আগেই হারিয়ে গেল সেই অমূল্য উপহার। চারিদিকে তন্নতন্ন করে খুঁজেও কিছুতেই সন্ধান মিলল না। অগত্যা সেই আংটি ছাড়াই চারহাত এক হল। তারপর কেটে গেছে ২ দশকেরও বেশি সময়। এতদিন পর হারানো আংটি ফিরে পেলেন দম্পতি, তাও কিনা নিজেরদেরই বাড়ি থেকে! কমোডের পাইপের ভিতর থেকে ২১ বছর পর উদ্ধার হল যুগলের 'এনগেজমেন্ট রিং' (Couple find lost diamond engagement ring)।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লেকল্যান্ড-এর বাসিন্দা সাইনা ডে। ২ দশকেরও বেশি সময় আগে প্রেমিক নিক ডে ভালবেসে সাইনার আঙুলে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সম্মতি জানিয়েছিলেন সাইনাও। কিন্তু বিয়ের ঠিক আগেই ভালবাসার উপহার অত্যন্ত যত্নের সেই আংটি হারিয়ে ফেলেন সাইনা। নিক জানিয়েছেন, সাইনা তাকে জানান, বাথরুমে কমোডের কাউন্টারের উপরে আংটিটি খুলে রেখেছিলেন তিনি। 'আমার মনে হচ্ছে, আমি ভুল করে কমোডে ফ্লাশ করে ফেলেছি ওটা,' নিককে সেদিন জানিয়েছিলেন সাইনা।

প্রচণ্ড মন খারাপ নিয়েই শুরু হয় খোঁজাখুঁজি। ঘর এবং বাথরুমের ভিতরে সর্বত্র তন্নতন্ন করে খোঁজার পরেও আংটির দেখা মেলেনি। শেষমেষ সেপটিক ট্যাঙ্ক খুলে তাতে বিশেষ পদ্ধতিতে ছাঁকনি লাগিয়ে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু আংটি আর পাওয়া যায়নি। অগত্যা এনগেজমেন্ট রিং ছাড়াই বিয়ে করার সিদ্ধান্ত নেন সাইনা এবং নিক।
তারপর কেটে গেছে ২১ বছর। মাঝে মাঝে মনে পড়লেও আংটির মায়া এতদিনে প্রায় কাটিয়েই ফেলেছিলেন সাইনা। সম্প্রতি বাথরুমে বসানো কমোডটি পাল্টে অন্য একটি কমোড লাগানোর সিদ্ধান্ত নেন নিকের মা রেনি। পুরনো কমোডটি খুলতেই তার ভিতর থেকে বেরিয়ে আসে নিক এবং সাইনার এনগেজমেন্টের হিরের আংটি (Diamond ring found in toilet)!

আংটি উদ্ধার হওয়ার পরেই সঙ্গে সঙ্গে অবশ্য বৌমাকে সে কথা জানাননি রেনি। বরং তিনি ও তাঁর স্বামী মিলে পরিকল্পনা করে আংটিটি সাফসুতরো করে নতুন করে প্যাক করে বড়দিনের উপহার হিসেবে পাঠান নিক এবং সাইনাকে।
২১ বছর পরেও বাগদানের আংটি চিনতে একটুও অসুবিধা হয়নি সাইনার। হারানো সম্পদ ফিরে পেয়ে আপ্লুত হয়ে কাঁদতে শুরু করে দেন তিনি।
নিক এবং সাইনা জানিয়েছেন, আংটির হিরেটি খুলে নিয়ে সেটিকে নতুন অন্য গয়নায় বসানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।
প্রবল ঠান্ডায় বরফে জমে গেল হরিণের চোখ-মুখ-কান, তারপর? ভিডিও ভাইরাল