
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 23 July 2024 12:08
দ্য ওয়াল ব্যুরো: এমনও হয়! বিয়ের ৩ মিনিটের মধ্যে ডিভোর্স!
ম্যারেজ রেজিস্ট্রি অফিসে বর-কনেকে নিয়ে হাজির দু'পক্ষ। আইন মেনে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পরই বাঁধল গোলমাল। রেজিস্ট্রারের কাছে ম্যারেজ ফর্মে সই করার পর সেখান থেকে বেরানোর সময় হোঁচট খেয়ে পড়ে যান নববধূ। তাঁকে হাত ধরে তোলার পরিবর্তে রেগে গিয়ে বর বলে ওঠে, 'স্টুপিড!'
যার সঙ্গে সারাজীবন পথ চলার সিদ্ধান্ত, সম্পর্ক শুরুর মুহূর্তেই একঘর লোকের সামনে সেই মানুষটির এহেন অপমানজনক আচরণ মেনে নিতে পারেনি নববধূ। তৎক্ষণাৎ ম্যারেজ রেজিস্ট্রারকে তিনি বলেন, 'স্যার আমি ডিভোর্সের কেস ফাইল করতে চাই।' ম্যারেজ রেজিস্ট্রারও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান! ফলে চার হাত এক হওয়ার তিন মিনিটের মধ্যে বিচ্ছেদ! এটিকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিয়ে বলা হয়।
সংবাদ সংস্থা সূত্রের খবর, ঘটনাটি পারস্য উপসাগরের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত আরব উপদ্বীপের কুয়েতের ঘটনা। ২০১৯ সালের ওই ঘটনার ভিডিও নতুন করে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে।
একাধিক নেট নাগরিক ওই নববধূর পদক্ষেপকে সমর্থন করে লিখেছেন, "আত্মসম্মানের চেয়ে বড় কিছু হতে পারে না। এমনটাই করা উচিত প্রত্যেকের।" বোঝাপড়ার সম্পর্ক টেনে বিপরীত মতও তুলে ধরেছেন কেউ কেউ।
সংবাদ সংস্থা সূত্রের খবর, এর আগে সবচেয়ে কম সময়ের বিয়ে হিসেবে গ্রেটার ম্যানচেস্টারের স্কট ম্যাককি এবং ভিক্টোরিয়া অ্যান্ডারসনের বিচ্ছেদের নাম করা হত। তাঁদের বিয়েটি মাত্র ৯০ মিনিট টিকেছিল। জানা গেছে, বিয়ের পর বর এবং বরযাত্রীদের আচরণে বেজায ক্ষুব্ধ হয়েছিলেন নববধূ। রেগে গিয়ে বরের মাথায় অ্যাশট্রে দিয়ে আঘাত করেছিল সে। বিষয়টি পুলিশ পর্যন্ত গড়িয়েছিল।