
শেষ আপডেট: 5 August 2022 11:37
দ্য ওয়াল ব্যুরো: নারী এবং পুরুষ। শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্যে ফারাক দিয়েই তাদের পরিচয়। সৃষ্টিকর্তা সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন নারীকে। সে অধিকারে বঞ্চিত পুরুষ। পিতৃসুখ ভোগ করা বাদ দিলে নিজের শরীর থেকে নতুন প্রাণ তৈরির ক্ষমতা তাকে দেননি বিধাতা। কিন্তু যদি খোদার উপর খোদকারি করা যায়? পুরুষ হয়েও যদি সন্তান ধারণ করে (Pregnant) কেউ?
তাহলে তো নজির তৈরি হবে। কেউ কেউ বলবেন, বাস্তবে নয়, রূপকথায় হতে পারে এমনটা। সেই রূপকথাকেই বাস্তবের মাটিতে নামিয়ে এনেছেন কলম্বিয়ার (Columbia) দম্পতি (Couple) ডানা (Dana Sultana) এবং এস্তেবান (Esteban Landrau)।
পুরুষ শরীর নিয়ে জন্মালেও মননে আদ্যোপান্ত নারী ছিলেন ডানা সুলতানা। অন্যদিকে, নারীজন্ম পেয়েও নিজেকে পুরুষ ভাবতেই ভালবাসতেন এস্তেবান ল্যান্ড্রু। মননে যা, শারীরিকভাবেও সেই পরিচয় পেতেই অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করিয়েছিলেন এই দম্পতি। সার্জারির মাধ্যমে নারী হয়ে ওঠেন ডানা, আর নারীর পরিচয় পিছনে ফেলে পুরুষ হয়ে ওঠেন এস্তেবান। ভালবেসে ঘরও বাঁধেন 'স্বামী' এস্তেবান এবং 'স্ত্রী' ডানা। আসল রূপকথার শুরু এরপর।

অস্ত্রোপচার করে শারীরিকভাবে পুরুষ হয়ে ওঠার শুরু হলেও নারী জননাঙ্গটি অবিকৃতই রেখেছিলেন এস্তেবান। একই কাজ করেছিলেন ডানাও। পুরুষ জননাঙ্গ বাদ দেননি তিনিও। সেই অবস্থাতেই সন্তান নেবেন বলে মনস্থির করেন এস্তেবান এবং ডানা। পরিকল্পনা মতোই এগোয় সব। ২০২০ সালে গর্ভধারণ করেন ডানার স্বামী এস্তেবান।
ইন্সটাগ্রামে নিজের অজস্র অনুরাগীদের সেই সুখবর দিয়েছিলেন ডানা এবং এস্তেবান। আর পান পাঁচটা দম্পতির মতোই সন্তানের পৃথিবীতে আসা নিয়ে আনন্দ আর উদ্বেগের মিশেলে দিন কাটিয়েছেন এই যুগল। অন্তঃসত্ত্বা স্বামীর স্ফীত পেটে ভালবাসার চুম্বন এঁকে দেওয়ার ছবি নেটমাধ্যমে নিজেরাই শেয়ার করেন এস্তেবান এবং ডানা। তারপর থেকেই ভাইরাল হয়ে যায় সেইসব ছবি। যুগলকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা।

কয়েক মাস পরেই দম্পতির কোল আলো করে আসে তাঁদের পুত্র এরিয়েল। কলম্বিয়ার আইন অনুযায়ী আগেভাগেই সন্তানের লিঙ্গ জেনে নিয়ে নাম ঠিক করে রেখেছিলেন দম্পতি। সন্তানের সঙ্গে নিজেদের ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ডানা এবং এস্তেবান। খুদের সঙ্গে রূপান্তরিত মা-বাবার ছবি দেখে আপ্লুত তাঁদের ভক্তরা।

পুরুষ শরীরে গর্ভধারণের এই ঘটনা নেটমাধ্যমে সাড়া ফেলে দিলেও এটিই প্রথম নয়। এর আগে এস্তেবানের মতোই গর্ভধারণ করে বাবা হয়েছিলেন রূপান্তরিত পুরুষ ট্রিস্টান রিস। পুরুষ শরীর পাওয়ার ১০ বছর পর অপরিবর্তিত জননাঙ্গের সাহায্যেই অন্তঃসত্ত্বা হন তিনি। ট্রিস্টান এবং তাঁর স্ত্রী বিফ চ্যাপলো তাঁদের সন্তানের নাম রাখেনা 'লিও।'
গন্ধরাজের গন্ধে ম ম করছে ফেসবুক! রাতারাতি সবুজ হল নীল-সাদা সোশ্যাল মিডিয়া