
শেষ আপডেট: 19 October 2022 12:00
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: দু'চোখেই বাঁধা কাপড় (blindfolded)। সেই অবস্থাতেই কখনও গড়গড় করে পড়ে ফেলছে বই (read books), কখনও আবার সাইকেল চালিয়ে দিব্যি চলে যাচ্ছে রাস্তা দিয়ে। অষ্টম শ্রেণির পড়ুয়ার (class 8 student) আজব কীর্তিতে তাজ্জব এলাকাবাসী।
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী (Purbasthali) ২ নম্বর ব্লকের ধাড়াপাড়ার বাসিন্দা গৌরব ধাড়া। স্থানীয় নীলমণি ব্রহ্মচারী স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র সে। বছর খানেক ধরেই এই আশ্চর্য ক্ষমতা সম্পূর্ণ নিজের চেষ্টায় রপ্ত করেছে গৌরব। দুই চোখ কাপড় দিয়ে সম্পূর্ণ বাঁধা অবস্থাতে বইয়ের লেখার উপর শুধুমাত্র আঙুল স্পর্শ করেই পড়ে ফেলতে পারে সে। এমনকী, রাস্তায় সাইকেল নিয়ে বেরিয়ে গাড়ি-ঘোড়াকে পাশ কাটিয়ে দিব্যি এগিয়ে যায় সে।
আত্মীয় প্রতিবেশীরা গৌরবের এমন আশ্চর্য ক্ষমতায় হতবাক। এলাকায় রীতিমত বিখ্যাত হয়ে উঠেছে সে। গৌরব যেখানেই যায়, কেউ না কেউ আবদার করে চোখ বাঁধা অবস্থায় বই পড়ে শোনানোর জন্য। নিমেষে সেসব করে দেখিয়ে দেয় অষ্টম শ্রেণির পড়ুয়া। গৌরব জানিয়েছে, বাংলা কিংবা ইংরেজি, কোনও ভাষাই এভাবে পড়তে সমস্যা হয় না তার। এমনকী, স্কুলের পাঠ্যবইও আঙুল বুলিয়েই পড়ে ফেলতে পারে সে। চোখ বন্ধ অবস্থায় রাস্তায় চলতেও অসুবিধা হয় না তার, জানিয়েছে গৌরব।
কিন্তু কীভাবে এমন আশ্চর্য প্রতিভা রপ্ত করল গৌরব? তার বাবা গৌতম ধাড়া জানিয়েছেন, কয়েক বছর আগে মনঃসংযোগ বাড়ানোর জন্য গৌরবকে নবদ্বীপের এক শিক্ষকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। মূলত যোগ ব্যায়াম শেখাতেন ওই শিক্ষক। সেই যোগ ব্যায়ামের মধ্যেই 'মিড ব্রেইন' নামে একটি কোর্স ছিল, যার প্রশিক্ষণ নিয়েছিল গৌরব। তারপর থেকেই এমন আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েছে সে।
তবে করোনা অতিমহামারীর পর ওই শিক্ষকের কাছে আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি গৌরবের। কিন্তু তাতে আটকায়নি কিছুই। এখন সম্পূর্ণ নিজের অভ্যাস ও ক্ষমতার জোরে এই বিরল ক্ষমতার অধিকারী হয়ে সকলকে তাক লাগিয়ে দিচ্ছে পূর্বস্থলীর গৌরব।
মদন নাচলেন ‘লায়লা ও লায়লা’ গানে, তারপর বড় ইঙ্গিত দিলেন বিজয়া সম্মিলনীতে