
শেষ আপডেট: 9 October 2023 22:44
দ্য ওয়াল ব্যুরো: অভিনয় কিংবা মডেলিংয়ের পাশাপাশি ফ্যাশন দুনিয়ার অন্যতম অংশ হল র্যাম্পওয়াক। নামীদামি ডিজাইনারদের তৈরি সুদৃশ্য পোশাক পরে মঞ্চ মাতান তন্বী মডেলরা। ইদানীং তো প্লাস সাইজ মডেলরাও সমান তালে পাল্লা দিচ্ছেন বাকিদের সঙ্গে। এই র্যাম্পওয়াক অনেক সময়েই হয়ে ওঠে অদ্ভুতুড়ে সাজের প্রতিযোগিতা। ডিজাইনারদের উদ্ভাবনী চিন্তায় প্রপ হিসাবে আস্ত চেয়ার কিংবা গাছও শরীরে জুড়ে হাঁটতে দেখা যায় মডেলদের। সেসবের মধ্যে কয়েকটি প্রশংসা পেলেও বাকিগুলো অনেক ক্ষেত্রেই নেটিজেনদের হাসির কারণ হয়ে ওঠে।
সম্প্রতি চেন্নাইয়ের একটি ফ্যাশন শোতে তেমনটাই ঘটেছে। তবে শুধু হাসি নয়, এবার ওই মডেল থেকে শুরু করে ডিজাইনার এবং শোয়ের উদ্যোক্তারা নেটিজেনদের তোপের মুখে পড়েছেন। আসলে শোটিতে এক মডেলকে প্রপ হিসেবে জ্যান্ত মাছ ভর্তি অ্যাকোয়ারিয়াম ব্যবহার করতে দেখা গেছে। পোশাকের পেটের অংশের জোড়া প্লাস্টিকের সেই অ্যাকোয়ারিয়ামে মাছ ভরে হাঁটতে দেখা গেছে তাঁকে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মডেলের পেটে লাগানো পাত্রে জল ঢেলে মাছ ভরে দিচ্ছেন একজন। দ্বিতীয় একটি ভিডিওতে সেই মাছ সমেতই র্যাম্পে হাঁটতে দেখা যাচ্ছে মডেলকে। ইতিমধ্যেই সেই ভিডিওর ভিউ ৪ লক্ষ ছাড়িয়েছে। কমেন্ট সেকশনে রীতিমতো ফুঁসে উঠেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।
View this post on Instagram
একজন লিখেছেন, 'সব কিছুতে জীবজন্তুদের ব্যবহার করা বন্ধ করুন!' 'আপনাদের সমস্যাটা কী! এত ছোট জায়গায় এত মাছ একসঙ্গে রাখা যায় না। তাছাড়া ওদের বেঁচে থাকার জন্য যথেষ্ট অক্সিজেন দরকার,' রেগে আগুন অন্য একজন। 'আপনার জামাটা খুব সুন্দর। কিন্তু শুধু ফ্যাশনেবল হওয়ার জন্য অবলা প্রাণীদের এইভাবে ব্যবহার করছেন? প্রশ্ন অন্য একজনের। চতুর্থ জন লিখেছেন, 'এই মডেল এবং ওঁর ডিজাইনার দুজনেই উন্মাদ।'