
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 2 April 2025 10:53
দ্য ওয়াল ব্যুরো: একটা জিভের দৈর্ঘ্য আইফোনের সমান (Longest Female Tongue)। শুনে অবাক হচ্ছেন? মানুষের জিভের কথাই হচ্ছে। এই জিভ ক্যালিফোর্নিয়ার এক ছাত্রী চ্যানেল ট্যাপারের। যে কারণে আমি-আপনি অবাক হচ্ছি বা আমাদের অস্বাভাবিক লাগছে, ঠিক সেকারণেই এই তরুণীর নাম জুড়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে।
জিভটির দৈর্ঘ্য ৯.৭৫ সেন্টিমিটার (৩.৮ ইঞ্চি), ঠোঁটের মাঝামাঝি অংশ পর্যন্ত পৌঁছে যায়। ট্যাপার নিজেই জানিয়েছেন, তাঁর জিভের আকার একটা আস্ত আইফোনের সমান, যা সাধারণ মানুষের গড় জিভের আকারের তুলনায় দ্বিগুণ।
কীভাবে বুঝলেন আর পাঁচটা মানুষের চেয়ে তাঁর জিভ বড় বা লম্বা? ট্যাপার জানান, এই বিষয়টি তিনি একদম ছোটবেলায় মোটেও বুঝতে পারেননি। আট বছর বয়সে মায়ের সঙ্গে একটি হ্যালোইনের ফোটোশ্যুটে গেছিলেন, সেখানেই ছবি ওঠে তাঁর। ছবি হাতে পাওয়ার পর বুঝতে পারেন, জিভটা বাকিদের চেয়ে অনেক বড়। বিষয়টি আরও স্পষ্ট হয়, তিনি যখন মাধ্যমিক দিচ্ছিলেন।
পড়ুয়া বলেন, 'সেসময় এই অস্বাভাবিক বিষয়টা দেখে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছিল। কত কী শুনতে হয়েছে! কিন্তু পরে সেসব সহ্য হয়ে যায়।'
বর্তমানে তিনি তাঁর এই ব্যতিক্রমী বৈশিষ্ট্য নিয়ে গর্ব অনুভব করেন এবং আজকাল সকলের মন্তব্য উপভোগই করেন। বলেন, 'আমার ভাল লাগে লোকে আমার জিভ দেখে যখন চমকে চিৎকার করতে শুরু করে।'