
সংগৃহীত ছবি
শেষ আপডেট: 26 December 2024 17:08
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের কার্ড ভাইরাল হওয়া বর্তমানে ট্রেন্ডে পরিণত হয়েছে। বিয়ের কার্ডে এমন কিছু লেখা হচ্ছে যা দেখে হেসে লুটিয়ে পড়ছেন নেটিজেনরা। এমনই একটি বিয়ের কার্ড ভাইরাল হল সম্প্রতি। যা দেখে হাসির সঙ্গে সঙ্গে সচেতনতার বার্তাও খুঁজে পাচ্ছেন অনেকে। বিয়ের কার্ডে লেখা 'ক্যানসার কুমার' বিয়ে করছেন 'বিড়ি কুমারী'-র সঙ্গে।
ব্যাপারটা ঠিক কী?
গোটা বিয়ের কার্ডটি একদম যেমন বিয়ের কার্ড হয় তেমনই দেখতে। শুধু লেখাগুলো পড়লে চমকে যেতে পারেন। হিন্দিতে লেখা এই বিয়ের কার্ডের শুরুটাই হচ্ছে ব্যঙ্গ করে। লেখা খতরনাক বিয়ে, মাসুম বারাতি। অর্থাৎ ভয়ংকর বিয়ে-নিষ্পাপ বরযাত্রী।
এছাড়াও লেখা 'অমঙ্গল গুটকা খাদ্যম'-এর মত ব্যঙ্গ করা লাইন। কার্ডটিতে ছেলের পরিচয় হিসেবে দেওয়া হয়েছে 'ক্যানসার কুমার, ওরফে লাইলাজ বাবু। বাবার নাম গুটকা লালজী, মায়ের নাম ভগন দেবী। পাত্রীর পরিচয়ে লেখা 'দুর্ভাগ্যবতী বিড়ি কুমারী ওরফে সিগারেট দেবী।' বাবা তাম্বাকু লালজী ও মা সুলফি দেবী। বাড়ির ঠিকানা, ৪২০, যমলোক হাউস, দুঃখ নগর। বিয়ের ঠিকানা, গলাত রাস্তা ভইশনপুর 'নেশা প্রদেশ।'
View this post on Instagram
এছাড়াও আরেকটি ঠিকানাও দেওয়া হয় বিয়ের। লেখা 'ক্রিমেশন গ্রাউন্ড অর্থাৎ শ্মশান।' আর বিয়ের সময়টা? যখন তখন। গোটা বিষয়টির নাম দেওয়া হয়েছে 'পরিণয় সূত্রে আত্মহত্যা বন্ধন।' এই লাইনগুলি দেখে অনেকে হাসলেও এক্ষেত্রে তামাক সেবনকারীদের একটি বিরাট বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা।
বিয়ের কার্ডটিতে বিহারের একটি জায়গার উল্লেখও রয়েছে। তাই মনে করা হচ্ছে এই কার্ডটি বিহারের কোন পাত্র বা পাত্রের। কার্ডটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর সঙ্গে সঙ্গে ২৯ লাখ ভিউ হয়েছে। প্রচুর মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ কেউ লিখেছেন যিনি কার্ডটি বানিয়েছেন তাঁর নোবেল পুরস্কার পাওয়া উচিত। আবার একজন লিখেছেন, গান স্যালুট পাওয়া উচিত।