বিশেষজ্ঞদের মতে, রেজলিউশন (New year resolutions) মূলত ফল নয়, ইচ্ছা বা উদ্দেশের ওপর নির্ভর করে। উদ্দেশ্য মানে নিজের জীবনের একটা ‘দিক’ বেছে নেওয়া।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 December 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছর এলেই আমাদের সবার মাথায় এক প্রশ্ন ঘুরতে থাকে, এই বছরের রেজলিউশন কী হবে? কিন্তু প্রশ্ন উঠতেই আরেকটা চিন্তা এসে হাজির, “কয়েকদিন পর তো ভুলেই যাব, তাহলে রেজলিউশন (New Year resolutions) করে কী হবে?” তবু প্রতি বছর আমরা নতুন কিছু প্রতিশ্রুতি নিই, যেমন ওজন কমানো, নিয়মিত ব্যায়াম, কম সোশ্যাল মিডিয়া ব্যবহার, কিংবা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা। সবই করি মূলত নিজেকে একটু ভাল করার আশায়।
মনোবিদরা বলছেন, রেজলিউশন আমাদের মনে আশা জাগায় (why resolutions matter)। আমাদের মনে হয়, পরিবর্তন সম্ভব। সফল না হলেও রেজলিউশন নেওয়া মানুষকে আরও উৎসাহী, আশাবাদী এবং আত্মবিশ্বাসী করে। এটি আমাদের নিজের উন্নতি করার প্রাকৃতিক ইচ্ছাকে জাগিয়ে তোলে।
এ বিষয়ে মনোরোগ বিশেষজ্ঞ জানান, চেষ্টা করে ব্যর্থ হওয়া মানে একেবারেই হেরে যাওয়া নয় (new year goals)। এতে নিজের শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা তৈরি হয়। রেজলিউশন ভেঙে গেলেও তা শেখার, ভাবার এবং আবার নতুন করে শুরু করার সুযোগ দেয়- যা মানসিক বিকাশের জন্য খুব গুরুত্বপূর্ণ।
ইচ্ছে ও উদ্দেশ্যের গুরুত্ব
বিশেষজ্ঞদের মতে, রেজলিউশন (New year resolutions) মূলত ফল নয়, ইচ্ছা বা উদ্দেশের ওপর নির্ভর করে। উদ্দেশ্য মানে নিজের জীবনের একটা ‘দিক’ বেছে নেওয়া। এতে ব্যর্থতার চাপ কমে, অপরাধবোধ কম হয়। ছোট ছোট পদক্ষেপও তখন অর্থপূর্ণ লাগে।
এই দৃষ্টিভঙ্গি মানসিক স্বাস্থ্যেও সাহায্য করে। যখন রেজলিউশনকে কঠোর লক্ষ্য না ভেবে ‘উদ্দেশ্য’ হিসেবে ধরা হয়, তা অনেক বেশি বাস্তবসম্মত হয়।
নতুন বছর মানেই মানসিক রিসেট
ক্যালেন্ডারের পরিবর্তন আমাদের মনে নতুন শুরুর অনুভূতি জাগায়। বছরের প্রথম দিন যেন একটা পরিষ্কার পাতা- যেখানে নতুন করে লেখা যায়। এই মানসিকতা মানুষকে পুরনো ব্যর্থতা বা অপরাধবোধ থেকে বেরিয়ে এসে নতুন কিছু শুরু করতে সাহায্য করে।
রেজলিউশন করা মানে নিজের জীবন, অভ্যাস ও মানসিক প্রয়োজন নিয়ে ভাবা। যা মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি।
সমস্যা রেজলিউশনে নয়, আমাদের পদ্ধতিতে
মনোবিদরা জানাচ্ছেন, অনেকে রেজলিউশন (New year resolutions) ঠিক করেন হয় খুব বড়, নয় খুব ছোট। এতে ব্যর্থতার সম্ভাবনা বাড়ে। তাই ধীরে ধীরে বদলের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। অভ্যাস গড়ার দিকে জোর দিলে সাফল্যের সম্ভাবনাও বাড়ে।
তাহলে কি এ বছর রেজলিউশন করা উচিত?
বিশেষজ্ঞদের উত্তর, হ্যাঁ। রেজলিউশন ভেঙে গেলেও তাতে আগের প্রচেষ্টা নষ্ট হয় না। ধরুন, শরীরকে সুস্থ রাখতে তিন মাস হাঁটার পরিকল্পনা করেছেন, কিন্তু হেঁটেছেন মাত্র তিন সপ্তাহ। বিশেষজ্ঞরা বলছেন, তিন সপ্তাহ হাঁটলেও সেই হাঁটাই শরীর-মনকে উপকার দিচ্ছে। মাঝে মাঝে ডায়েরি লিখলেও তা মন হালকা করতে সাহায্য করে।
রেজলিউশন আসলে আশার প্রতীক, যে আমরা এখনও বিশ্বাস করি পরের বছরটা আগের চেয়ে ভাল হতে পারে।