
শেষ আপডেট: 30 June 2023 10:26
দ্য ওয়াল ব্যুরো: অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে অন্যতম হল জিপ-লাইনিং। দুদিকে দুই খাড়া পাহাড়, মধ্যিখানে গিরিখাত। কোথাও কোথাও সেই খাতের মধ্যে দিয়ে বয়ে যায় নদী। আর দুই পাহাড়ের চূড়ার মধ্যে যোগাযোগের সুতো হিসেবে বাঁধা থাকে দড়ি। অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষজন কোমরে হার্নেস বেঁধে সেই দড়ি বরাবর রওনা দেন। ঝুলতে ঝুলতে গিরিখাতের উপর দিয়ে পৌঁছে যান এক পাহাড় থেকে অন্য পাহাড়ের চূড়ায়। সেটাই মজা, তাতেই অপরিসীম আনন্দ। কিন্তু সেই আনন্দ করতে গিয়েই এমন ভয়ঙ্কর বিপদে পড়ল ছ'বছরের ছেলে, যে তার ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। জিপ-লাইনিংয়ের মাঝেই হার্নেস ছিঁড়ে ৪০ ফুট উচ্চতা থেকে নীচে পড়ে যায় ছেলেটি (Boy Falls 40 Feet Off Zipline)।
ভয়ঙ্কর সেই দুর্ঘটনার ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে দুর্ঘটনাটি ঘটেছে গত ২৫ জুন মেক্সিকোর মন্টেরিতে। সূত্রের খবর, পার্ক ফান্ডিডোরাস অ্যামাজনিয়ান এক্সপিডিশন নামে একটি বিনোদন পার্কে গিয়েছিল সিজার নামে ৬ বছরের শিশুটি। সেখানেই দাদার সঙ্গে জিপ-লাইনিং করবে বলে উঠেছিল সে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় টুপি এবং কোমরে হার্নেস বাঁধা অবস্থায় বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল সিজার। উল্টোদিকের পাহাড়ের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছিল সে। কিন্তু আচমকাই ছিঁড়ে যায় তার কোমরে বাঁধা হার্নেসটি। সঙ্গে সঙ্গে ৪০ ফুট উচ্চতা থেকে নীচে পড়ে যায় শিশুটি।
https://twitter.com/1Around_theworl/status/1673447114842550272?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1673447114842550272%7Ctwgr%5E28bb1853879dae70732acba9611d4e087fbba206%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2Fvideo-shows-heart-stopping-moment-a-boy-falls-40-feet-off-zipline-in-mexico-4165328
সূত্রের খবর, ভয়ঙ্কর এই দুর্ঘটনা সত্ত্বেও অবিশ্বাস্যভাবে রক্ষা পেয়েছে শিশুটি। দড়ি ছিঁড়ে সে নীচে একটি কৃত্রিম জলাশয়ের মধ্যে পড়ে যায়। সেই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পার্কে আসা অন্য একজন পর্যটক জলাশয়ে ঝাঁপ দেন। তিনিই উদ্ধার করে নিয়ে আসেন শিশুটিকে। চিকিৎসার পর আপাতত সুস্থই রয়েছে সে।
তবে সিজারের দাদা জানিয়েছেন, শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ভেঙে পড়েছে ভাই। এখনও তার আতঙ্ক কাটেনি। ঘুমের মধ্যে প্রায়ই কেঁপে কেঁপে উঠছে সে। এমন দুর্ঘটনার জন্য বিনোদন পার্ক কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন তিনি।
এই ঘটনার পরেই ওই বিনোদন পার্কের সমস্ত রাইড বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে। একটি মামলা রুজু করে বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
ফের অনুব্রতর জামিন খারিজ, আদালতে প্রভাবশালী তত্ত্ব দিলেন সিবিআইয়ের আইনজীবী