
শেষ আপডেট: 27 September 2022 13:24
দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে (online) ড্রোন ক্যামেরা (drone camera) অর্ডার করেছিলেন। যথাসময়ে ডেলিভারি বয়ের ফোন। দৌড়ে গিয়ে পার্সেল হাতে নিয়ে তবে শান্তি। কিন্তু প্যাকেট খুলতেই চোখ মুখের চেহারাই বদলে গেল। কোথায় সাধের ড্রোন ক্যামেরা! পার্সেল থেকে বের হল কেজিখানেক টাটকা আলু (potatoes)!
গল্পকথা নয়, খাঁটি সত্যি ঘটনা। ভুক্তভোগী বিহারের (Bihar) নালন্দার পালওয়ারপুরের বাসিন্দা চেতন কুমার। একটি অনলাইন ই-কমার্স ওয়েবসাইট থেকে ড্রোন ক্যামেরা অর্ডার করেছিলেন তিনি। আগেভাগেই সেটির দামও মিটিয়ে দিয়েছিলেন। কিন্তু ডেলিভারি বয়ের হাত থেকে পার্সেল নেওয়ার পরেই সন্দেহ হয় তাঁর। ওই ডেলিভারি বয়কেই তিনি পার্সেলটি খুলে দেখাতে বলেন। পুরো ব্যাপারটি নিজের মোবাইলে ভিডিও রেকর্ড করেন তিনি। সেই ভিডিওই ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ডেলিভারি বয় যেই মাত্র পার্সেলের মোড়ক খুললেন, তারপরেই সকলের চক্ষু চড়কগাছ! ড্রোন ক্যামেরা তো দূর, বাক্সের ভিতর রয়েছে গোটা দশেক কাঁচা আলু! ডেলিভারি বয় মেনে নেন, ই-কমার্স সাইটের তরফ থেকেই এমন জালিয়াতি করা হয়েছে। তবে এর সঙ্গে ড্রোন ক্যামেরার বিক্রেতা সংস্থার কোনও যোগসাজশ আছে কিনা, তা তিনি জানেন না বলে জানিয়েছেন।
ऑनलाइन शॉपिंग करना पड़ा महँगा, युवक ने मंगाया ड्रोन, निकला आलू | Unseen India
— UnSeen India (@USIndia_) September 26, 2022
पूरा वीडियो- https://t.co/KxZ0RsZwUl pic.twitter.com/s81XVfE5Vb
পারওয়ালপুর থানার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও অভিযোগ জমা পড়েনি তাঁদের কাছে। অভিযোগ পেলে তাঁরা তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন।
অনলাইন ডেলিভারির ক্ষেত্রে এক জিনিস অর্ডার করে অন্য জিনিস পেয়েছেন, এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। কিছুদিন আগেই কোয়েম্বাটোরের বাসিন্দা এক ব্যক্তি সুইগি ইন্স্টমার্টের মাধ্যমে তাঁর মেয়ের জন্য চিপস এবং কাইসক্রিম অর্ডার করেছিলেন। কিন্তু সেসবের বদলে তিনি হাতে পেয়েছিলেন কন্ডোম। সেই ঘটনা ইন্টারনেটে নিজেই শেয়ার করেছিলেন তিনি। নেটিজেনদের মজার মন্তব্যে ভরে উঠেছিল সেই পোস্টের কমেন্ট বক্স। রসিকতা করে এক ব্যক্তি লেখেন, 'আমি ভাবছি সেই ভদ্রলোকের কথা, যিনি কন্ডোম অর্ডার করে এখন চিপস আর আইসক্রিম পেয়েছেন!'
সাবানের দুর্গা! নিখুঁত মূর্তি গড়ে তাক লাগালেন জলপাইগুড়ির কলেজ পড়ুয়া